ক্রিস্টিয়ানো রোনালদোর জীবনসঙ্গী জর্জিনা রদ্রিগেজ আবারও সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন। তবে এবার কোনো ছবি কিংবা পোশাক নয়, বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছে তার পোস্টের ক্যাপশনে লেখা একটি মাত্র হিব্রু শব্দ ঘিরে।
স্পেনের মায়োর্কায় পরিবারের সঙ্গে ছুটি কাটানোর একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেন জর্জিনা। সেখানে হিব্রু ভাষায় ‘সুস্থ’ শব্দটি লিখতেই শুরু হয় নানা জল্পনা। অনেকেই প্রশ্ন তোলেন, কেন তিনি হিব্রু ভাষা ব্যবহার করলেন। মন্তব্যের ঘরে কেউ লেখেন, ‘হিব্রুতে কেন?’ আবার কেউ বলেন, ‘তুমি তো ফিলিস্তিনও লিখতে পারতে।’
এটি অবশ্য প্রথমবার নয় যে, রোনালদো-জর্জিনা পরিবারের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট আলোচনার জন্ম দিল। কয়েক দিন আগেই রোনালদো নিজের শৈশবের একটি ছবির সঙ্গে ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়রের একই ভঙ্গিতে তোলা একটি ছবি পোস্ট করে ব্যাপক সাড়া ফেলেছিলেন।
জর্জিনার এই পোস্ট ঘিরে বিতর্ক আরও বেড়েছে অতীতের একটি ঘটনার কারণে। ২০২৩ সালে ইসরায়েল-গাজা সংঘাত শুরুর পর তিনি প্রথমে গাজার এক শিশুর ছবি শেয়ার করেছিলেন, যা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। পরে সেই পোস্ট মুছে দিয়ে আহত এক ইসরায়েলি শিশু ও গাজার একই শিশুর ছবি একসঙ্গে প্রকাশ করে শান্তির আহ্বান জানান তিনি।