ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা কিলিয়ান এমবাপ্পেকে ঢাকায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে তিনি জানিয়েছেন, বিষয়টি এখনো চূড়ান্ত নয়, চলছে পরিকল্পনা ও সম্ভাব্যতা যাচাইয়ের পর্যায়ে।
‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ জাতীয় ফুটবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে এমবাপ্পেকে অতিথি হিসেবে আনার চেষ্টা করা হবে বলে জানান প্রতিমন্ত্রী। তার মতে, বিশ্বসেরা এই ফুটবলারের উপস্থিতি দেশের তরুণদের মধ্যে ফুটবল নিয়ে নতুন আগ্রহ ও অনুপ্রেরণা তৈরি করবে।
সোমবার সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মীর শাহে আলম বলেন, সরকারের লক্ষ্য তৃণমূল পর্যায় থেকে ফুটবল প্রতিভা খুঁজে বের করা এবং দেশের ফুটবল সংস্কৃতিকে আরও শক্তিশালী করা।
একই সঙ্গে দেশের সব মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ফুটবল দল গঠনের ওপর গুরুত্ব দেন তিনি। কোনো প্রতিষ্ঠান দল গঠনে ব্যর্থ হলে এমপিও স্থগিতের বিষয়টিও সরকার বিবেচনা করছে বলে জানান প্রতিমন্ত্রী।
প্রতিযোগিতাকে আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনার কথাও জানিয়ে তিনি বলেন, উপজেলা পর্যায়ে একাধিক মাঠে একসঙ্গে খেলার ব্যবস্থা করা হবে। পাশাপাশি খেলার মাঠ সংস্কার ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে ফুটবলের পরিবেশ তৈরি করার উদ্যোগ নেওয়া হবে।