ব্রাজিলের কিংবদন্তি ডিফেন্ডার রবার্তো কার্লোসের কাছে বাংলাদেশ শুধু একটি দেশ নয়, যেন নিজের ঘরের মতোই। নেইমারের বন্ধু ও ব্রাজিল প্রবাসী রবিন মিয়ার এক ভিডিও বার্তায় এমনই ভালোবাসার কথা জানিয়েছেন বিশ্বকাপজয়ী এই তারকা।
নিজের ফুটবল ক্যারিয়ারে ব্রাজিলের পাশাপাশি দীর্ঘ সময় কাটিয়েছেন স্পেনে। রিয়াল মাদ্রিদের হয়ে এক দশকের বেশি সময় খেলে ক্লাব ফুটবলেও তৈরি করেছেন অসংখ্য স্মৃতি। তাই ব্রাজিল ও স্পেনের পর নিজের পছন্দের তালিকায় বাংলাদেশের নামও রেখেছেন কার্লোস।
ভিডিও বার্তায় পর্তুগিজ ভাষায় কথা বলার পর ইংরেজিতে তিনি বলেন, ‘বাংলাদেশ ইজ মাই হাউজ; ব্রাজিল, স্পেন, বাংলাদেশ।’ তার এই মন্তব্যে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উচ্ছ্বাস।
ব্রাজিলের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা নতুন নয়। ২০২২ কাতার বিশ্বকাপে ব্রাজিল ও আর্জেন্টিনাকে ঘিরে বাংলাদেশের সমর্থকদের উন্মাদনা বিশ্বজুড়ে আলোচনায় এসেছিল। সেই আবেগ নজরে পড়েছে ব্রাজিলের ফুটবলারদের কাছেও।
এর আগে ব্রাজিলের মিডফিল্ডার ব্রুনো গিমারেসও বাংলাদেশের সমর্থনের কথা উল্লেখ করেছিলেন। তিনি জানিয়েছিলেন, বাংলাদেশের সমর্থকদের ভিডিও ফুটবলাররা নিজেদের মধ্যে দেখেন এবং এই ভালোবাসা তাদের অনুপ্রাণিত করে।