অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে ডারউইনে জোর প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে কোচিং স্টাফের তত্ত্বাবধানে ব্যাটিং, বোলিং ও ফিটনেস; সব বিভাগেই ঘাম ঝরাচ্ছেন ক্রিকেটাররা।
দ্বিতীয় দিনের অনুশীলনে প্রধান কোচ ফিল সিমন্সের নির্দেশনা মনোযোগ দিয়ে শুনতে দেখা যায় পুরো দলকে। এরপর ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের বিভিন্ন সেশনে অংশ নেন তানজিদ হাসান তামিম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, সাদমান ইসলামসহ অন্যরা।

স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ এবং ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলও ছিলেন বেশ ব্যস্ত। নেটে ব্যাটারদের নিয়ে কাজ করার পাশাপাশি বোলিং করতেও দেখা গেছে আশরাফুলকে।
চোটের কারণে নাহিদ রানা না থাকায় পেস আক্রমণের নেতৃত্ব দিতে হবে তাসকিন আহমেদকে। তার সঙ্গে রয়েছেন হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন ও মুশফিক হাসান।

আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২২ আগস্ট ম্যাকেতে। বর্তমানে ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়া শীর্ষে থাকলেও আত্মবিশ্বাস নিয়েই কঠিন চ্যালেঞ্জের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ।