আইপিএলে খেলার স্বপ্ন পূরণে ইংল্যান্ডের নাগরিকত্ব নিয়েছেন পাকিস্তানের বাঁহাতি পেসার মোহাম্মদ আমির। এতে ভারতের জনপ্রিয় টি-টোয়েন্টি লিগে খেলার সুযোগ তৈরি হলেও, উল্টো জটিলতায় পড়েছে তার পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ক্যারিয়ার।
ইংল্যান্ডের নাগরিকত্ব পাওয়ার ফলে আমির এখন দেশটির ঘরোয়া ক্রিকেটে স্থানীয় খেলোয়াড় হিসেবে খেলতে পারবেন। ইতোমধ্যেই তিনি নটিংহ্যামশায়ারের হয়ে ভাইটালিটি ব্লাস্টে খেলছেন এবং দ্য হান্ড্রেডে ট্রেন্ট রকেটসের দলে জায়গা পেয়েছেন। একই সঙ্গে আইপিএলের নিলামে নাম তোলার পথও তার জন্য খুলে গেছে।
তবে এই সিদ্ধান্তের প্রভাব পড়েছে পিএসএলে। আগে দেশীয় ক্রিকেটার হিসেবে খেললেও এখন আমিরকে বিদেশি ক্রিকেটারের কোটায় বিবেচনা করা হবে। ফলে রাওয়ালপিন্ডির সঙ্গে তার বিদ্যমান চুক্তি এবং আগামী মৌসুমে দলে থাকা—দুই বিষয়ই অনিশ্চয়তার মুখে পড়েছে।
এমনকি চুক্তিগত জটিলতা মিটলেও বিদেশি কোটার একটি জায়গা ব্যয় করতে হবে আমিরের জন্য। তাই শেষ পর্যন্ত পিএসএলে তার ভবিষ্যৎ কী হবে, সেটিই এখন বড় প্রশ্ন।