রিয়াল মাদ্রিদ ও ভিনিসিয়ুস জুনিয়রের চুক্তি নবায়ন নিয়ে দীর্ঘদিনের জটিলতা এবার নতুন মোড় নিতে যাচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই দুই পক্ষ নতুন করে আলোচনায় বসবে। এই বৈঠকের ফলাফলের দিকে নজর রাখছে ইংলিশ ক্লাব আর্সেনালও।
জানা গেছে, প্রাক-মৌসুম অনুশীলনে ফেরার পর ভিনিসিয়ুসকে নতুন প্রস্তাব দিয়েছে রিয়াল। ক্লাবটির সর্বশেষ প্রস্তাব অনুযায়ী, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে বছরে প্রায় ২ কোটি ২০ লাখ ইউরো বেতন দিতে চায় তারা। তবে ভিনিসিয়ুসের দাবি ৩ কোটি ইউরো, যা নিয়ে এখনো সমঝোতা হয়নি।
ভিনির বর্তমান চুক্তির মেয়াদ আগামী গ্রীষ্মেই শেষ হবে। তাই চলতি মাসের মধ্যেই নতুন চুক্তি না হলে তাকে বিক্রি করে দেওয়ার কথাও ভাবছে রিয়াল। কারণ, ফ্রি ট্রান্সফারে তাকে হারানোর ঝুঁকি নিতে চায় না স্প্যানিশ জায়ান্টরা।
এদিকে ভিনিসিয়ুসের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আর্সেনাল। রিয়ালের সঙ্গে সমঝোতা না হলে উত্তর লন্ডনের ক্লাবটি তাকে দলে ভেড়ানোর চেষ্টা করবে। যদিও ভিনিসিয়ুসের প্রথম পছন্দ এখনো রিয়াল মাদ্রিদেই থাকা।