ফুটবল কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বাস, তার ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়র একদিন তাকে ছাড়িয়ে যেতে পারে। ১৬ বছর বয়সী ছেলের শারীরিক গঠন দেখে রোনালদোর মনে হয়েছে, সমবয়সে তিনি নিজে যেমন ছিলেন, জুনিয়র ইতোমধ্যেই তার চেয়ে অনেক এগিয়ে।
নেটফ্লিক্স স্পোর্টসের প্রকাশ করা এক ভিডিওতে আল নাসর যুব দলের সঙ্গে ছেলের অনুশীলন দেখার সময় নিজের এই ভাবনার কথা জানান রোনালদো। ছেলের বেড়ে ওঠা নিয়ে তিনি বলেন, ‘সে একটা ভালো ছেলে। ঘরে থাকা ছোট বাচ্চাগুলো একটু বেশি চঞ্চল বা সামলানো কঠিন, কিন্তু একে নিয়ে কোনো সমস্যা নেই।’
এরপর নিজের সঙ্গে ছেলের তুলনা টেনে রোনালদো বলেন, ‘আমি যখন ওর বয়সে ছিলাম, তার তুলনায় সে কিছুটা বড় এবং শক্তিশালী। আমি আরও ছোটখাটো ছিলাম। আমার মনে হয় সে আমার চেয়েও বড় বা শক্তিশালী খেলোয়াড় হবে।"
তবে শুধু শারীরিক গঠন বা জন্মগত প্রতিভা দিয়ে যে ফুটবলের শীর্ষে পৌঁছানো যায় না, সেটিও মনে করিয়ে দিয়েছেন রোনালদো। তার মতে, সবচেয়ে বড় বিষয় হলো খেলাটার প্রতি ক্ষুধা ও তাড়না ধরে রাখা। এ প্রসঙ্গে রোনালদো বলেন, "ফুটবলের প্রতি ক্ষুধা বা তাড়না ধরে রাখাটাই সবচেয়ে কঠিন।’
২০১০ সালের ১৭ জুন জন্ম নেওয়া ক্রিস্টিয়ানো জুনিয়র বর্তমানে আল নাসর যুব দলের হয়ে খেলছেন। বাবার পথ অনুসরণ করে পেশাদার ফুটবলে এগিয়ে যাচ্ছেন তিনি। এখন প্রশ্ন একটাই—বাবার ছায়া পেরিয়ে সত্যিই কি একদিন নিজের আলাদা ইতিহাস লিখতে পারবেন জুনিয়র?