ফুটবল মাঠে বল সীমানার বাইরে চলে যাওয়া খুবই স্বাভাবিক ঘটনা। কিন্তু সেই বলই যদি পাশের সড়কে গিয়ে গাড়ি দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়, তাহলে ঘটনাটিকে অদ্ভুত না বলে উপায় নেই। উরুগুয়ের দ্বিতীয় বিভাগের এক ম্যাচে ঘটেছে এমনই কাণ্ড।
পার্ক এএনসিএপি স্টেডিয়ামে উরুগুয়ে মন্টেভিদিও ও পায়সান্দুর ম্যাচ চলছিল। ২৪ মিনিটে স্বাগতিক দলের এক খেলোয়াড় জোরে বল ক্লিয়ার করলে সেটি মাঠ পেরিয়ে গিয়ে পড়ে পাশের রুট ১ সড়কে।
ঠিক তখন বন্দরমুখী বেশ কয়েকটি গাড়ি চলছিল। হঠাৎ একটি চলন্ত গাড়ির সামনে বলটি চলে আসায় সেটি এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারান চালক। এরপর সামনে থাকা আরেকটি গাড়িতে ধাক্কা দেন তিনি। পেছন থেকেও আরেকটি গাড়ি এসে ধাক্কা দিলে ঘটে যায় ত্রিমুখী সংঘর্ষ।
ভাগ্য ভালো, দুর্ঘটনাটি গুরুতর ছিল না। কেউ আহতও হননি। তবে সংঘর্ষের কারণে প্রায় ১৫ মিনিট সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে দুজন ব্যক্তি দুর্ঘটনাকবলিত পিকআপটি রাস্তার পাশে সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
মাঠের বাইরে এমন অদ্ভুত কাণ্ড ঘটলেও মাঠের ভেতরে দিনটি ছিল উরুগুয়ে মন্টেভিদিওর জন্য আনন্দের। পায়সান্দুকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে তারা। এই জয়ে ২৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার অষ্টম স্থানে উঠেছে দলটি।