আয়ারল্যান্ডকে পাঁচ ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৯২ রানে হারিয়ে ২০২৭ বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিয়েছে আফগানিস্তান। তাদের এই জয় বড় ধাক্কা দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। বর্তমান সমীকরণে কোয়ালিফায়ার খেলার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে ক্যারিবীয়রা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একাধিক সূত্রের দাবি, বর্তমান ওয়ানডে র্যাঙ্কিংয়ের হিসাব অনুযায়ী বাংলাদেশও ইতোমধ্যে ‘অনানুষ্ঠানিকভাবে যোগ্যতা’ অর্জন করেছে। দুই আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের সঙ্গে র্যাঙ্কিংয়ের সেরা আট দল সরাসরি বিশ্বকাপ খেলবে। দক্ষিণ আফ্রিকা যেহেতু বর্তমানে তিন নম্বরে আছে, তাই ৩০ সেপ্টেম্বরের কাট-অফের পর নবম দলও সরাসরি জায়গা পাবে। বাংলাদেশ এখন সেই নবম অবস্থানেই রয়েছে।
বাংলাদেশের রেটিং ৮৩, আর ৭৭ রেটিং নিয়ে দশে থাকা ওয়েস্ট ইন্ডিজ পিছিয়ে ছয় পয়েন্টে। কাট-অফের আগে ক্যারিবীয়দের হাতে ভারতের বিপক্ষে মাত্র দুটি ওয়ানডে রয়েছে। দুটি ম্যাচ জিতলেও বাংলাদেশকে পেছনে ফেলার মতো পর্যাপ্ত পয়েন্ট পাওয়ার সুযোগ নেই তাদের।
বিসিবির এক কর্মকর্তা বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আমাদের ব্যবধান ৬ পয়েন্টের। সূচি অনুযায়ী, কাট-অফ ডেটের আগে ওয়েস্ট ইন্ডিজের দুটি ম্যাচ আছে এবং আমাদের (ভারতের বিপক্ষে) তিন ওয়ানডে আছে। ওই দুই ম্যাচ থেকে ওয়েস্ট ইন্ডিজ সর্বোচ্চ চার পয়েন্ট পেতে পারে। সুতরাং নিয়ম অনুযায়ী আমরা পার পেয়ে গেছি।’
বাংলাদেশের ভারতের বিপক্ষে ১, ৩ ও ৬ সেপ্টেম্বর তিনটি ওয়ানডে খেলার কথা থাকলেও সিরিজটি নিয়েও অনিশ্চয়তা রয়েছে। বিসিবির এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন, ‘এই সিরিজ আয়োজনের ইচ্ছা আমাদের সবার আছে। কিন্তু এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।’
ভারতের বিপক্ষে সিরিজ হলে বাংলাদেশ কিছু পয়েন্ট হারাতে পারে। তবে বর্তমান ব্যবধানের কারণে ওয়েস্ট ইন্ডিজের পেছনে নেমে যাওয়ার আশঙ্কা নেই বলেই মনে করছে বিসিবি। আর আয়ারল্যান্ড সিরিজে বড় ব্যবধানে জয়ের সুযোগ হারানোর পর ক্যারিবীয়দের সরাসরি বিশ্বকাপে ওঠার সম্ভাবনাও কার্যত শেষ।
শেষ দুই ওয়ানডে বিশ্বকাপেও সরাসরি জায়গা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ সালে বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বে উঠলেও ২০২৩ সালে বাছাইপর্বেই বাদ পড়ে তারা। এবারও সেই শঙ্কাই আরও একবার সামনে।