গোল করে সমর্থকদের সঙ্গে উদযাপন করতে গিয়ে স্টেডিয়ামের টানেলে পড়ে আহত হয়েছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার জাসি মারানহাও। কিন্তু চোটের কষ্টের চেয়েও বড় ধাক্কা অপেক্ষা করছিল তার জন্য, অফসাইডের কারণে বাতিল হয়েছে তার করা গোলটিই।
ঘরের মাঠ কৌতো পেরেইরা স্টেডিয়ামে শাপেকোয়েন্সের বিপক্ষে খেলছিল কোরিতিবা। ম্যাচে বক্সের ভেতর থেকে দুর্দান্ত হেডে গোল করে দলকে এগিয়ে দেন মারানহাও। এরপরই বলটি জার্সির ভেতরে ঢুকিয়ে সমর্থকদের সঙ্গে উদযাপন করতে ছুটে যান তিনি।
বিজ্ঞাপনী বোর্ড টপকে মাঠের ওপারে যাওয়ার চেষ্টা করতেই ঘটে বিপত্তি। বোর্ডের ওপারে মাটি থাকার বদলে ছিল স্টেডিয়ামের প্রবেশপথের একটি টানেল। ফলে লাফ দেওয়ার সঙ্গে সঙ্গেই সরাসরি টানেলের ভেতরে পড়ে যান এই ডিফেন্ডার। কয়েক সেকেন্ড ক্যামেরার আড়ালে থাকার পর নিজের চেষ্টায় বেরিয়ে এলেও ব্যথায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
গোলের আনন্দ তখনই বদলে যায় দুশ্চিন্তায়। কিন্তু ম্যাচ শেষে আসে আরও বড় হতাশা। ভিডিও রিভিউয়ে দেখা যায়, গোল করার সময় অফসাইডে ছিলেন মারানহাও। ফলে বাতিল হয়ে যায় গোলটি।
অর্থাৎ যে গোল উদযাপন করতে গিয়ে চোট পেলেন, শেষ পর্যন্ত সেই গোলের স্বীকৃতিই মিলল না। অবশ্য মারানহাওয়ের দল কোরিতিবা শেষ পর্যন্ত ২-১ গোলে জিতেছে। তবে গোল বাতিল আর অদ্ভুত চোট—সব মিলিয়ে রাতটি তার জন্য হয়ে থাকল একেবারেই দুঃস্বপ্নের।