২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডকে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৩ উইকেটে হারিয়ে আফগানিস্তানও বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে। তাদের এই জয়ের ফলেই বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ খেলার পথ পরিষ্কার হয়েছে।
ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, বর্তমান ওয়ানডে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি বিশ্বকাপে খেলবে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আফগানিস্তান ও বাংলাদেশ। আয়োজক দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েও সরাসরি খেলবে।
অন্যদিকে বড় ধাক্কা খেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের এবারও পেরোতে হবে বাছাইপর্বের বাধা। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের বাছাইপর্বে খেলতে হবে ক্যারিবীয়দের।
২০২৩ বিশ্বকাপেও সরাসরি জায়গা করে নিতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। সেটিই ছিল বিশ্বকাপের ইতিহাসে তাদের প্রথমবারের মতো মূল পর্বে না থাকার ঘটনা। এবারও ভারতের বিপক্ষে সামনে থাকা দুই ওয়ানডেতে জিতলেও সরাসরি বিশ্বকাপে জায়গা পাওয়ার মতো অবস্থানে ওঠা তাদের পক্ষে সম্ভব নয়।
ফলে আগামী ফেব্রুয়ারির বাছাইপর্ব থেকেই ২০২৭ বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার লড়াই শুরু করতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে ৪ অক্টোবর, চলবে ২১ নভেম্বর পর্যন্ত।