ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে যখন বিতর্ক তুঙ্গে, তখন তার পাশে দাঁড়ালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইনফান্তিনোকে সরানোর কোনো চিন্তা করা হলেও সেটি ‘ভয়াবহ ভুল’ হবে বলে মন্তব্য করেছেন তিনি।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইনফান্তিনোর ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প। ফিফা সভাপতিকে ‘দারুণ’ আখ্যা দিয়ে তিনি বলেন, তার নেতৃত্বেই ইতিহাসের সবচেয়ে সফল বিশ্বকাপ আয়োজন হয়েছে।
ট্রাম্প বলেন, ‘ফিফা যদি কোনো কারণে প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে সরানোর কথা চিন্তাও করে, তাহলে সেটা হবে ভয়াবহ ভুল। তিনি অসাধারণ এবং তার নেতৃত্বে ইতিহাসের সবচেয়ে সফল বিশ্বকাপ আয়োজন হয়েছে, যা আগের যেকোনো বিশ্বকাপের চেয়ে চার গুণ বেশি সফল।’
ইনফান্তিনোকে সরিয়ে দিলে ভবিষ্যতে বিশ্বকাপ আর আগের মতো সফল বা লাভজনক হবে না বলেও দাবি করেন ট্রাম্প। তার ভাষায়, ‘তিনি চলে গেলে বিশ্বকাপ আর কখনো এতটা সফল বা লাভজনক হবে না।’
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির ব্যর্থ পরিকল্পনা এবং কর্মক্ষেত্রে এক নারীর সঙ্গে কথিত সম্পর্ক নিয়ে সম্প্রতি চাপে রয়েছেন ইনফান্তিনো। তবে এসব অভিযোগে কোনো অনিয়মের কথা অস্বীকার করেছেন তিনি। ফিফাও তার পাশে দাঁড়িয়ে অভিযোগ করেছে, সংস্থা ও সভাপতিকে দুর্বল করার জন্য ‘সমন্বিত ও চলমান প্রচেষ্টা’ চলছে।
আগামী মার্চে ফিফা সভাপতি পদে পুনর্নির্বাচনের লড়াইয়ে নামবেন ইনফান্তিনো। তাই এই সময়ে ট্রাম্পের প্রকাশ্য সমর্থন তার জন্য গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের কয়েকটি ফুটবল সংস্থার অবস্থান তার বিপক্ষে।
অন্যদিকে আফ্রিকান ফুটবল কনফেডারেশন ও দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল ইনফান্তিনোর প্রতি সমর্থন জানিয়েছে। ফলে নির্বাচন যত এগিয়ে আসছে, ইনফান্তিনোকে ঘিরে ফুটবল বিশ্বে সমর্থন ও বিরোধিতার বিভাজনও তত স্পষ্ট হচ্ছে।