দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক এবার পূর্ণতা পেল বিয়েতে। পর্তুগিজ ফুটবলের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজ বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। পর্তুগালের উপকূলীয় শহর ক্যাসকাইসে ব্যক্তিগত এক বেসামরিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করে বিয়ের খবর নিশ্চিত করেন রোনালদো ও জর্জিনা। ছবিতে দুজনের হাতে দেখা যায় বিয়ের আংটি। ছবির সঙ্গে রোনালদো লেখেন, ‘সি হার্ট জি’।
২০১৬ সালে মাদ্রিদে প্রথম দেখা হয়েছিল রোনালদো ও জর্জিনার। এরপর থেকেই একসঙ্গে পথচলা। দীর্ঘ সম্পর্কের পর ২০২৫ সালের আগস্টে বাগদানের ঘোষণা দেন তারা।
লিসবন থেকে প্রায় ২০ মাইল পশ্চিমে অবস্থিত ক্যাসকাইসে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাদের পাঁচ সন্তানও। তবে এর আগেও রোনালদোর বিয়ে নিয়ে একাধিকবার গুঞ্জন ছড়িয়েছিল। এমনকি মাদেইরা দ্বীপের একটি গির্জার সামনে ভক্তদের ভিড়ও হয়েছিল। পরে জানা যায়, সেখানে রোনালদোর নয়, অন্য এক দম্পতির বিয়ে হচ্ছিল।
শেষ পর্যন্ত গুঞ্জনের অবসান ঘটিয়ে নিজেদের পছন্দের শহরেই ব্যক্তিগত আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন রোনালদো ও জর্জিনা।