ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার এন্ড্রু ফ্লিন্টফের ছেলে রকি ফ্লিন্টফ যেন বাবার পথেই হাঁটছেন। মাত্র ১৮ বছর বয়সেই পেশাদার ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন এই তরুণ। ওয়ানডে কাপে মাত্র ৬৫ বলে শতক করে সমারসেটের বিপক্ষে ল্যাঙ্কাশায়ারকে এনে দিয়েছেন ১৭৪ রানের বড় জয়।
প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ৪৪৩ রানের বিশাল সংগ্রহ গড়ে ল্যাঙ্কাশায়ার। কিটন জেনিংসের ১৫৬ রানের সঙ্গে রকির ৭৬ বলে ১২৩ রানের ঝোড়ো ইনিংসে রানপাহাড় গড়ে দলটি। রকির ইনিংসে ছিল ১০ চার ও ৭ ছক্কা। ল্যাঙ্কাশায়ারের লিস্ট এ ক্রিকেটের সর্বোচ্চ সংগ্রহে বড় অবদান রাখেন তিনি।
১৩৮ রানে ৩ উইকেট হারানোর পর ব্যাটিংয়ে নেমে জেনিংসের সঙ্গে ২১৪ রানের জুটি গড়েন রকি। তার আগ্রাসী ব্যাটিংয়েই ম্যাচের নিয়ন্ত্রণ চলে আসে ল্যাঙ্কাশায়ারের হাতে। জবাবে ২৬৯ রানেই গুটিয়ে যায় সমারসেট।
মাত্র ১৬ বছর ১১৩ দিন বয়সে ল্যাঙ্কাশায়ারের হয়ে অভিষেক করে রকি নজর কেড়েছিলেন আগেই। এবার পেশাদার ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করে আরও বড় বার্তা দিলেন তিনি। এর আগে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের হয়েও সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হওয়ার কীর্তি গড়েছিলেন এই তরুণ।
এমনকি ইংল্যান্ড লায়ন্সের হয়েও বাবার রেকর্ড ছাড়িয়ে গেছেন রকি। ২০২৫ সালের জানুয়ারিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার বিপক্ষে লায়ন্সের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হন তিনি; আর সেই সময় দলের কোচ ছিলেন তার বাবা এন্ড্রু ফ্লিন্টফ।