রাজনৈতিক অস্থিরতার কারণে এমনিতেই অনিশ্চয়তায় ছিল ভারতের বাংলাদেশ সফর। এবার আফগানিস্তানের সঙ্গে ভারতের সিরিজের সূচি চূড়ান্ত হওয়ায় আগামী মাসে বাংলাদেশ-ভারত সিরিজ হওয়ার সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে গেল। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও আপাতত সিরিজটি না হওয়ার দিকেই যাচ্ছে পরিস্থিতি।
সূচি অনুযায়ী, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে ২৮ আগস্ট ঢাকায় আসার কথা ছিল ভারতীয় দলের। ১ থেকে ১৩ সেপ্টেম্বর হওয়ার কথা ছিল ছয়টি ম্যাচ। কিন্তু ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ভারতের তিনটি টি-টোয়েন্টি ম্যাচ চূড়ান্ত হয়েছে। ভারতে হলেও সিরিজটির আয়োজক আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
এসিবির প্রধান নির্বাহী নাসিব খান বাণিজ্যিক অংশীদারদের পাঠানো চিঠিতে জানিয়েছেন, আফগানিস্তানের ভারত সফরের তারিখ বিসিসিআইয়ের সঙ্গে নিশ্চিত ও সম্মত হয়েছে এবং ম্যাচগুলোর ভেন্যুও চূড়ান্ত করা হয়েছে।
ফলে বিসিবির প্রস্তাবিত বাংলাদেশ-ভারত সিরিজের সূচির সঙ্গে ভারতের আফগানিস্তান সিরিজের সরাসরি সংঘাত তৈরি হয়েছে। হাতে তিন সপ্তাহেরও কম সময় থাকায় এখন সিরিজটি আয়োজনের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। শেষ মুহূর্তে দুই দেশের সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা না এলে বাংলাদেশ সফর বাতিল হওয়ার পথেই রয়েছে।
গত বছর আগস্টেও বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। তবে রাজনৈতিক টানাপোড়েনের কারণে শেষ পর্যন্ত সেই সফর হয়নি। বর্তমান পরিস্থিতিতেও দুই দেশের সম্পর্ক খুব একটা স্বাভাবিক নয়। এ অবস্থায় বিসিবি ও বিসিসিআই চাইলেও সিরিজ আয়োজনের বিষয়টি এখন অনেকটাই ভারতের সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।