দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে গেছে টাইগাররা। স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় ডারউইনের মারারা ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন একাদশ, লিটন দাস ও শরিফুল ইসলামকে নিয়ে দলের অবস্থান।
অস্ট্রেলিয়া আগেই নিজেদের একাদশ ঘোষণা করলেও চোটের কারণে বাংলাদেশ এখনো একাদশ চূড়ান্ত করতে পারেনি। ম্যাচের দিন সকালে একাদশ ঠিক করা হবে জানিয়ে শান্ত বলেন, ‘এখনও একাদশ সাজানো হয়নি। দলে কিছু ছোটখাটো চোট সমস্যা রয়েছে। তাই কাল আমরা একাদশ নির্ধারণ করব।’
চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকা লিটন দাস এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ফেরার অপেক্ষায়। ফিটনেসে উন্নতির পর টেস্ট দলে জায়গা পাওয়া এই অভিজ্ঞ ব্যাটারকে নিয়ে আশাবাদী শান্ত। তিনি বলেন, ‘লিটন শতভাগ ফিট আছে এখন। লিটন ভাই আসায় অবশ্যই ব্যাটিংয়ের গভীরতা আরও বেড়েছে। ধারাবাহিকতা আছে তার। কাল যে টেস্ট শুরু হবে আশা করি ব্যাটিং ইউনিট হিসেবে ভালো করবে। প্রস্তুতি ভালো হয়েছে।’
শরীফুল ইসলাম ফিটনেস পরীক্ষায় পাস করলেও প্রথম টেস্টে তার খেলার সম্ভাবনা কম। শান্ত জানান, ‘শরীফুল ফিটনেস টেস্ট পাস করেছে। ভালো বোলিংও করছে। আশা করি দ্বিতীয় টেস্টে খেলবে।’
এদিকে চোট থেকে ফিরে এখনো নিজের সেরা ছন্দে না থাকা এবাদত হোসেনের ওপরও আস্থা রাখছেন অধিনায়ক। শান্ত বলেন, ‘এবাদত ইনজুরির আগে দুর্দান্ত খেলছিল। চোট কাটিয়ে ফেরার পর ২-৩টি টেস্ট খেলেছে। ভালো বোলিং করছে। কাল খেলার সুযোগ পেলে আশা করি দলের জন্য বিশেষ কিছু করবে।’