মাত্র ১৯ বছর বয়সেই বিশ্বকাপের সোনালি ট্রফি উঁচিয়ে ধরে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। তবে বিশ্বকাপ জয়ের কয়েক সপ্তাহ না যেতেই মাঠের সাফল্য ছাপিয়ে আলোচনায় এসেছে তার ব্যক্তিগত জীবন। বান্ধবী ও লাইফস্টাইল ইনফ্লুয়েন্সার ইনেস গার্সিয়ার সঙ্গে তার সম্পর্কে ফাটল ধরেছে! এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
এই গুঞ্জনের শুরু ইনেস গার্সিয়ার একটি রহস্যময় পোস্টকে ঘিরে। ২১ বছর বয়সী এই মডেল সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ‘খারাপ খবর’ লিখে একটি আবেগঘন বার্তা দেন। এরপরই অনুরাগীদের মধ্যে প্রশ্ন ওঠে, তবে কি আলাদা হয়ে গেছেন ইয়ামাল ও ইনেস?
প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের শুরুতে সম্পর্কের শুরু হলেও গত মে মাসে এফসি বার্সেলোনার একটি সামাজিক নৈশভোজে প্রথমবার প্রকাশ্যে আসেন তারা। এরপর বিশ্বকাপেও ইয়ামালকে গ্যালারি থেকে নিয়মিত সমর্থন দিয়েছেন ইনেস। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে স্পেন বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর মাঠে ইয়ামালের পাশে দাঁড়িয়ে ইনেসের ছবিও ব্যাপক আলোচনায় আসে।
তবে সম্পর্ক প্রকাশ্যে আসার পর থেকেই কটাক্ষের মুখে পড়েন ইনেস। অভিযোগ ওঠে, পাঁচ বছরের পুরোনো প্রেমিক গঞ্জালো তোরেসের সঙ্গে সম্পর্ক ভেঙে ইয়ামালের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। যদিও এসব অভিযোগ উড়িয়ে দিয়ে তখন ক্ষোভ প্রকাশ করেছিলেন ইনেস।
এর মধ্যেই নতুন গুঞ্জন, ইনেসের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার পেছনে ইয়ামালের জীবনে অন্য কারও উপস্থিতি রয়েছে। শোনা যাচ্ছে, ব্রাজিলীয় তারকা রাফিনহার বোনের সঙ্গে ছুটি কাটাচ্ছেন ইয়ামাল। তাদের ঘনিষ্ঠ মুহূর্তের কিছু দৃশ্যও নাকি দেখা গেছে। এ কারণেই ইনেস সম্পর্ক ছিন্ন করেছেন—এমন কথাও ছড়িয়েছে।
তবে এসবের কোনোটিই এখনো নিশ্চিত নয়। ইয়ামাল বা ইনেস গার্সিয়া কেউই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের কথা জানাননি। ফলে সত্যিই তাদের সম্পর্কে ইতি ঘটেছে, নাকি সামাজিক যোগাযোগমাধ্যমের আরেকটি গুঞ্জন; সেটাই এখন দেখার বিষয়।