ড়সময়টা একদম ভালো যাচ্ছে না লিওনেল মেসির। গত শনিবার বাবাকে হারিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। সেই শোক কাটিয়ে উঠতে না উঠতেই পাঁচ দিনের মধ্যে মাঠে ফিরলেন তিনি। কিন্তু প্রত্যাবর্তনের ম্যাচটাও সুখের হলো না। লিগস কাপ থেকে বিদায় নিল ইন্টার মায়ামি।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে ঘরের মাঠে মেক্সিকোর ক্লাব লিওনের বিপক্ষে ৩-২ গোলে হেরেছে মায়ামি। এই হারে লিগ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়েছে তাদের।
বাবার মৃত্যুর পর মেসি কবে মাঠে ফিরবেন, তা নিয়ে ছিল অনিশ্চয়তা। দলের কোচ গিলের্মো হয়োসও নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি। তবে সবাইকে চমকে দিয়ে লিগস কাপের গুরুত্বপূর্ণ ম্যাচেই মাঠে নামেন মায়ামি অধিনায়ক।
প্রথমার্ধে অবশ্য খেলেননি মেসি। দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি হিসেবে নেমে বেশ কিছু ভালো সুযোগ তৈরি করেন। কিন্তু শেষ পর্যন্ত মেসির ফেরাটা রাঙাতে পারেনি দল। উল্টো দ্বিতীয়ার্ধে তিন গোল হজম করে হারতে হয়েছে মায়ামিকে।
ম্যাচে দাপট ছিল স্বাগতিকদেরই। প্রায় ৬২ শতাংশ সময় বলের দখল রেখে ১৯টি শট নেয় মায়ামি, যার ৮টি ছিল লক্ষ্যে। লিওনের ১০ শটের ৬টি ছিল লক্ষ্য বরাবর।
৪২ মিনিটে ড্যানিয়েল পিন্টারের গোলে এগিয়ে যায় মায়ামি। দ্বিতীয়ার্ধের শুরুতে তার বদলি হিসেবেই মাঠে নামেন মেসি। তবে বিরতির পর পাঁচ মিনিটের মধ্যেই ড্যানিয়েল আর্চিলার গোলে সমতা ফেরায় লিওন।
৫৩ মিনিটে ইয়ানিক ব্রাইটের গোলে আবারও এগিয়ে যায় মায়ামি। কিন্তু এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় লিওন। ৬১ মিনিটে হুয়ান পাওলো ডমিঙ্গেজ সমতা ফেরানোর পর ৮৩ মিনিটে আর্চিলা নিজের দ্বিতীয় গোল করলে নিশ্চিত হয়ে যায় মায়ামির বিদায়।