দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেই হাসান মাহমুদের তোপের মুখে পড়েছে অস্ট্রেলিয়া। শুরুতেই জেক ওয়েদারাল্ডকে ফিরিয়ে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন এই পেসার। এরপর বিপজ্জনক হয়ে ওঠা ট্রাভিস হেডকেও বোল্ড করে স্বস্তি এনে দেন তিনি। ৩৭ রানেই দ্বিতীয় উইকেট হারায় অস্ট্রেলিয়া।
হেড তিন চারে ৩৫ বলে ১৭ রান করে ফিরেছেন। ওয়েদারাল্ডের মতোই হাসানের বল তার ব্যাটে লেগে স্টাম্প ভেঙে দেয়। এর আগে একই ওভারে দুটি চার মেরে বাংলাদেশের জন্য হুমকি হয়ে উঠছিলেন হেড। তবে শেষ পর্যন্ত হাসানের সামনেই থামতে হয়েছে তাকে।
এর আগে ২২৮ রানের লিড নিয়ে অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। দ্বিতীয় ওভারেই ওয়েদারাল্ডকে বোল্ড করে প্রথম আঘাত হানেন হাসান। প্রথম ইনিংসেও তার শিকার হয়েছিলেন এই অজি ওপেনার। সেবার ২৩ রানে লিটন দাসের হাতে ক্যাচ দিয়েছিলেন তিনি, এবার মাত্র ৩ বল খেলে ডাক মেরে ফিরলেন।
ডারউইন টেস্টে এ নিয়ে অস্ট্রেলিয়ার ৮ উইকেট শিকার করেছেন হাসান মাহমুদ। তার জোড়া আঘাতে শুরুতেই চাপে পড়ে গেছে স্বাগতিকরা। প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেটের বিনিময়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪৪ রান।