জশ হ্যাজলউডের শর্ট বলে কট বিহাইন্ড হয়ে ইবাদত হোসেন চৌধুরি ফিরতেই ৪২৬ রানে থেমেছে বাংলাদেশের প্রথম ইনিংস। স্কোরবোর্ডে রানের পাশে তখন জ্বলজ্বল করছে ১৩৮ ওভার। আর এই দীর্ঘ ইনিংসের পথেই অস্ট্রেলিয়ার মাটিতে দারুণ এক কীর্তি গড়েছে বাংলাদেশ।
প্রায় সাড়ে ৭ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে সফরকারী কোনো দল ১৩৫ ওভারের বেশি ব্যাট করার কীর্তি দেখাল। ২০১৯ সালের জানুয়ারিতে সিডনি টেস্টে ভারত ১৬৭.২ ওভার খেলার পর প্রায় ৯১ মাস ও ৭২ ইনিংসে অস্ট্রেলিয়ার মাটিতে আর কোনো বিদেশি দল এত লম্বা সময় ব্যাট করতে পারেনি।
প্রায় ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে খেলতে গিয়ে প্রথম ইনিংসেই সেই অপেক্ষার অবসান ঘটাল বাংলাদেশ। এই কীর্তির বড় কারিগর তানজিদ হাসান তামিম। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে ১৯৭ বলে ১০১ রান করেছেন বাঁহাতি এই ওপেনার। মেহেদী হাসান মিরাজ ৬৫, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৮৪ এবং মুমিনুল হক ৪৯ রান করে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
শেষ দিকেও লড়াই চালিয়ে গেছেন বাংলাদেশের ব্যাটাররা। ৮ নম্বরে নেমে হাসান মাহমুদ খেলেছেন ৯২ বল, করেছেন ১৪ রান। তাইজুল ইসলাম ১৭ ও তাসকিন আহমেদ ১৪ রান করে দলকে বড় সংগ্রহ এনে দিতে ভূমিকা রেখেছেন।
এর আগে অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে মাত্র ১৯৮ রানে গুটিয়ে দিয়েছিল বাংলাদেশ। ফলে প্রথম ইনিংসে ২২৮ রানের বড় লিড পেয়েছে সফরকারীরা। তবে এত বড় লিডের দিনেও আক্ষেপ থাকল সামান্য। মাত্র ১ রানের জন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের সর্বোচ্চ ইনিংসের রেকর্ড ছুঁতে পারেনি বাংলাদেশ। ২০০৬ সালের ফতুল্লা টেস্টে শাহরিয়ার নাফীসের সেঞ্চুরিতে ৪২৭ রান করেছিল বাংলাদেশ। এবার থামতে হলো ৪২৬-এ।