মাঠে তখন ব্যাট-বলের লড়াই। কিন্তু তামিলনাড়ুর এক তরুণ ক্রিকেটারের মন পড়ে ছিল প্রেমিকার মেসেজে। ম্যাচ চলাকালে প্রেমিকাকে মেসেজ করার খেসারত দিতে হলো ১ লাখ রুপি জরিমানা দিয়ে। তামিলনাড়ু প্রিমিয়ার লিগের ম্যাচে খেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তাদের জন্য নির্ধারিত এলাকায় মোবাইল ফোন ব্যবহারের নিয়ম ভাঙায় এই শাস্তি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিট।
তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন ওই ক্রিকেটারের নাম প্রকাশ করেনি। কারণ, বিষয়টি নিয়ে এখনো তদন্ত চলছে। তবে সংস্থাটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, তিনি বাঁহাতি ব্যাটার এবং গত বছর তামিলনাড়ুর হয়ে রঞ্জি ট্রফিতে দুটি অর্ধশতক করেছিলেন।
শুক্রবার পিটিআইকে ওই কর্মকর্তা বলেন, ‘টিএনসিএ খেলোয়াড়টির নাম প্রকাশ করবে না, কারণ তদন্ত চলছে। আমি শুধু নিশ্চিত করতে পারি, সে একজন বাঁহাতি ব্যাটার, যে গত বছরের রঞ্জি ট্রফিতে তামিলনাড়ুর হয়ে দুটি অর্ধশতক করেছে।’
ঘটনাটি নিয়ে তিনি আরও বলেন, ‘ম্যাচের সময় তাকে তার প্রেমিকাকে মেসেজ করতে দেখা গেছে। যদিও তার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ আনা হয়নি, তবুও ম্যাচের সময় খেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তাদের জন্য নির্ধারিত এলাকায় মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ। ফলে এটি একটি প্রোটোকল লঙ্ঘন।’
অবশ্য প্রথমে শাস্তিটা আরও কঠোর হতে পারত। ২৬ বছর বয়সী এই ক্রিকেটারকে দুই বছরের জন্য নিষিদ্ধ করার বিষয়টিও বিবেচনায় ছিল। তবে অপরাধটি গুরুতর না হওয়ায় শেষ পর্যন্ত ১ লাখ টাকা জরিমানা করেই তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
এমন ঘটনায় অবশ্য এই প্রথম কেউ শাস্তি পেলেন না। গত আইপিএলে রাজস্থান রয়্যালসের ম্যানেজার এবং বৈভব সূর্যবংশীর অভিভাবক হিসেবে থাকা রোমি ভিন্দারও দলের ডাগআউটে মোবাইল ফোন ব্যবহার করেছিলেন। নিয়ম ভাঙার কারণে তাকেও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছিল।