প্রথম ইনিংসে বাংলাদেশের বোলারদের তোপে দুইশ’র আগেই অলআউট হয়েছিল অস্ট্রেলিয়া। এরপর দ্বিতীয় ইনিংসেও বেশ চাপে পড়ে স্বাগতিকরা। তবে শেষ দিকে অজি মিডল অর্ডার ব্যাটারদের প্রতিরোধে ম্যাচে কিছুটা স্বস্তি ফিরেছে তাদের।
২২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা অস্ট্রেলিয়া তৃতীয় দিন শেষে বাংলাদেশের চেয়ে ৬৭ রানে পিছিয়ে আছে। হাতে রয়েছে আরও ৬ উইকেট। চতুর্থ দিনে সারাদিন ব্যাট করে ম্যাচ বাঁচানোর লক্ষ্য অস্ট্রেলিয়ার।
দিন শেষে নিজেদের পরিকল্পনা জানিয়ে জশ হ্যাজেলউড বলেন, ‘সেশন বাই সেশন এগোতে হবে। চতুর্থ দিন আমাদের ধীরে ধীরে ওদের চাপে ফেলতে হবে। উইকেট অনুযায়ী এখনও অনেক খেলা বাকি। কাল যদি সারা দিন ব্যাট করতে পারি, এরপর পঞ্চম দিনের নাজুক উইকেটের সুবিধা নিয়ে ওদের কিছু উইকেট তুলে নিতে পারি, দেখা যাক কী হয়।’
ডারউইনের উইকেট এখনো ব্যাটিংয়ের জন্য ভালো বলেও জানান হ্যাজেলউড। বাংলাদেশের বোলারদের প্রশংসা করে তিনি বলেন, ‘প্রত্যেক ব্যাটার নিজের শক্তির জায়গা বুঝে খেলে। যে যেভাবে স্বাচ্ছন্দ্য সেভাবে ব্যাট করাই ভালো। পিচ এখনও ব্যাট করার জন্য ভালো। বাংলাদেশ নতুন বলে কিছু উইকেট তুলে নিয়েছে। তারা খুব টাইট বোলিং করেছে।’
দীর্ঘ বিরতির পর জাতীয় দলে ফিরেই প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়েছেন হ্যাজেলউড। একই সঙ্গে টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলকও ছুঁয়েছেন তিনি। নিজের পারফরম্যান্স নিয়ে অজি পেসার বলেন, ‘৫ উইকেট পেয়ে ভালো লাগছে। স্মৃতিতে থাকবে অনেক দিন। আমরা আরও ভালো করতে পারতাম। রান আরও কম দেওয়ার সুযোগ ছিল। আজ সবাই ভালো বল করেছে। কিছু ক্যাচ ধরতে পারলে ভালো হতো।’