নিজেদের মাটিতে বাংলাদেশের কাছে ৯ উইকেটের ঐতিহাসিক হারের পর অস্ট্রেলিয়া দলে বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে কোণঠাসা হওয়ার পর দ্বিতীয় টেস্টের একাদশ ও স্কোয়াড নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্টকে।
ম্যাচ শেষে প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড স্বীকার করেছেন, বাংলাদেশের বিপক্ষে প্রত্যাশিত মানের ক্রিকেট খেলতে পারেনি তার দল। দুই ইনিংস মিলিয়ে ৫০০ রানও করতে না পারাকে বড় ব্যর্থতা হিসেবে দেখছেন তিনি।
আগামী শনিবার ম্যাকাইয়ে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এর আগে অস্ট্রেলিয়ার টপ অর্ডার নিয়ে প্রশ্ন উঠেছে। ওপেনার জ্যাক ওয়েদারল্যান্ড ও তিন নম্বরে নামা মার্নাস লাবুশেনের পারফরম্যান্স বিশেষভাবে সমালোচিত হচ্ছে। সাবেক অধিনায়ক রিকি পন্টিংসহ অনেকে টপ অর্ডারে পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন।
প্রয়োজনে বর্তমান ১৩ সদস্যের স্কোয়াডও বাড়ানোর কথা ভাবছে অস্ট্রেলিয়া। প্রধান নির্বাচক জর্জ বেইলির সঙ্গে আলোচনা করে আগামী কয়েক দিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন ম্যাকডোনাল্ড।
ওয়েদারল্যান্ডের বিকল্প হিসেবে ম্যাট রেনশর নাম আলোচনায় থাকলেও তরুণ স্যাম কনস্টাস, ক্যাম্পবেল কেলাওয়ে, অলি পীক ও কুপার কনোলিকেও বিবেচনায় রাখা হচ্ছে। তবে বর্তমান ক্রিকেটারদের ওপর এখনই আস্থা হারাতে চান না ম্যাকডোনাল্ড। তার বিশ্বাস, এই দল থেকেই ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে অস্ট্রেলিয়ার।