ফুটবল মাঠেই হৃদয়বিদারকভাবে থেমে গেল সাবেক ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের খেলোয়াড় কেভিন কাস্ত্রোর জীবন। মাত্র ২৫ বছর বয়সে পর্তুগিজ এই মিডফিল্ডার লিসবনে একটি প্রীতি ম্যাচ চলাকালে মাঠে লুটিয়ে পড়ে মারা গেছেন।
তৃতীয় বিভাগের ক্লাব রিয়াল স্পোর্ট ক্লাবের হয়ে এস্ত্রেলা দা আমাদোরার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলছিলেন কাস্ত্রো। ম্যাচের মধ্যেই হঠাৎ মাঠে পড়ে যান তিনি। পরে মর্মান্তিক মৃত্যু হয় তার।
লিসবন ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে বলেছে, ‘এই মর্মান্তিক সময়ে কেভিনের পরিবার, বন্ধু এবং সংশ্লিষ্ট ক্লাব রিয়াল এসসি এসএডির প্রতি পর্তুগিজ ফুটবলের পক্ষ থেকে আমাদের গভীর সমবেদনা।’
২০২১ সালে ওয়েস্ট ব্রমের একাডেমিতে যোগ দিয়েছিলেন কাস্ত্রো। পরে মূল দলে অভিষেকও হয় তার। লিগ কাপের ম্যাচে আর্সেনালের বিপক্ষে ওয়েস্ট ব্রমের জার্সিতে সিনিয়র ফুটবলে প্রথমবার মাঠে নামেন তিনি। এরপর বার্টন অ্যালবিয়ন, নটস কাউন্টি ও গেটসহেডে ধারে খেলেছেন। ২০২৩ সালে ওয়েস্ট ব্রম ছাড়েন কাস্ত্রো।
তার মৃত্যুতে শোক জানিয়েছে ওয়েস্ট ব্রমও। রোববার বার্নলির বিপক্ষে ম্যাচের আগে কাস্ত্রোকে স্মরণ করবে ক্লাবটি। ম্যাচের ২৫তম মিনিটে তার স্মরণে করতালি দেওয়া হবে এবং খেলোয়াড় ও স্টাফরা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন।
মর্মান্তিক ঘটনার পর প্রস্তুতি ম্যাচটি স্থগিত করা হয়। কাস্ত্রোর মৃত্যুতে শোক জানিয়েছে রিয়াল স্পোর্ট ক্লাব ও এস্ত্রেলা দা আমাদোরাও। মাত্র ২৫ বছর বয়সে তার আকস্মিক মৃত্যুতে পর্তুগিজ ফুটবলে নেমে এসেছে গভীর শোকের ছায়া।