অস্ট্রেলিয়ার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ দল। সিরিজ শেষে কয়েক দিন বিশ্রামের সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা।
সেপ্টেম্বরে ভারত বাংলাদেশ সফরে না এলে এই সময়টায় স্কিল ও ফিটনেস নিয়ে কাজ করবেন শান্ত-লিটন-মিরাজরা। এরপর অক্টোবরের শুরুতেই আবার ব্যস্ত হয়ে পড়বে বাংলাদেশ দল।
সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। সিরিজ আয়োজনের প্রস্তুতিও প্রায় শেষ। কদিনের মধ্যেই ম্যাচগুলোর নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা হতে পারে।
তবে এর মধ্যেই সিরিজে নতুন সমীকরণ তৈরি হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা একটি অনলাইন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আফগানিস্তানের সঙ্গে জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ আয়োজনের পরিকল্পনাও রয়েছে।
জিম্বাবুয়ে খেলতে রাজি হলে ম্যাচের সংখ্যা আরও বাড়বে। এখন জিম্বাবুয়ে ক্রিকেটের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন আয়োজকরা।