ইংল্যান্ড সফরে পাকিস্তানের ব্যাটিং যেন কোনোভাবেই ঘুরে দাঁড়াতে পারছে না। লর্ডস টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১১০ রানে অলআউট হওয়ার পর দলটির ব্যাটিং নিয়ে তীব্র সমালোচনা করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। এমনকি পাকিস্তানের ব্যাটিংকে দ্বিতীয় বিভাগের কাউন্টি ক্রিকেটের সঙ্গেও তুলনা করেছেন তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ১০৩ রানে হেরেছিল পাকিস্তান। লর্ডসে দ্বিতীয় টেস্টেও ব্যাটিংয়ের সেই দুর্বল চিত্রই দেখা গেছে। চোট কাটিয়ে নিয়মিত অধিনায়ক বাবর আজম একাদশে ফিরলেও তাতে খুব একটা পরিবর্তন আসেনি।
প্রথম ইনিংসে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন ওপেনার আজান আওয়াইস। বাবর আজম করেন ৮, আবদুল্লাহ শফিক ৫, শান মাসুদ ১ এবং মোহাম্মদ রিজওয়ান ৭ রান। একের পর এক ব্যাটার ব্যর্থ হওয়ায় মাত্র ১১০ রানেই থেমে যায় পাকিস্তানের ইনিংস।
এর আগে প্রথম ইনিংসে ২৯০ রান করেছিল ইংল্যান্ড। ফলে পাকিস্তানের বিপক্ষে ১৮০ রানের লিড নেয় স্বাগতিকরা। পাকিস্তানের এমন ব্যাটিং দেখে বিবিসির টেস্ট ম্যাচ স্পেশালে বেশ সরাসরিই কথা বলেছেন ভন। তিনি বলেন, একেবারেই খোলাখুলি বলব। ইংল্যান্ডের বোলারদের কোনো চ্যালেঞ্জের মুখেই পড়তে হচ্ছে না। এই পাকিস্তানি ব্যাটিং লাইনআপ সম্ভবত দীর্ঘদিনের মধ্যে আমার দেখা সবচেয়ে সহজ ব্যাটিং লাইনআপগুলোর একটি, যাদের বিপক্ষে বোলিং করা যায়।’
পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের বোলাররা কতটা স্বস্তিতে বোলিং করছেন, সেটিও তুলে ধরেছেন সাবেক এই অধিনায়ক। তাঁর ভাষায়, ‘একজন বোলার হিসেবে আমার মনে হয়, সবাই বোলিং করার জন্য লাইনে দাঁড়িয়ে আছে, কারণ তারা জানে এখানে উইকেট পাওয়া যাবে। এমন কোনো ব্যাটার নেই, যে তাদের ক্ষতি করতে পারবে। কেউ তাদের বোলিং ফিগার নষ্ট করবে না।’
ভনের মতে, পাকিস্তানের ব্যাটিংয়ের দুর্বলতার কারণে ইংল্যান্ডের বোলাররাও প্রতিটি স্পেলে নিজেদের সর্বোচ্চটা দেওয়ার সুযোগ পাচ্ছেন। তিনি বলেন, ‘আমার মনে হয়, তারা সবাই জানে পাকিস্তান বড় স্কোর করতে পারবে না। তাই তোমাদের মাঠে থাকতে হবে মাত্র ৪০ থেকে ৫০ ওভার। ফলে প্রতিটি স্পেলেই সর্বোচ্চটা উজাড় করে দেওয়া যায়। এখানে এত বেশি উইকেট রয়েছে।’
তবে শুধু পাকিস্তানের ব্যাটিংয়ের সমালোচনাই করেননি ভন, প্রশংসা করেছেন ইংল্যান্ডের বোলিং আক্রমণেরও। তাঁর মতে, পাকিস্তানের বিপক্ষে পাওয়া এই ছন্দ ধরে রাখতে পারলে আরও শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষেও ইংলিশ বোলাররা ভালো করতে পারবেন।
তবে পাকিস্তানের বর্তমান ব্যাটিংকে টেস্ট ক্রিকেটের মানদণ্ডে ফেলতেই নারাজ ভন। তিনি বলেন, ‘এটা খুবই সহজ। অবশ্যই তারা ভালো বোলিং করছে এবং যথেষ্ট ভয়ংকর দেখাচ্ছে। এই বোলিং আক্রমণ যেভাবে বল করছে, তারা যদি এভাবেই খেলতে থাকে, তাহলে আরও ভালো ব্যাটিং লাইনআপকেও চ্যালেঞ্জ জানাতে পারবে। কিন্তু এটা পাকিস্তানের ব্যাটিং। এটা কি দ্বিতীয় বিভাগের কাউন্টি ক্রিকেট? কোনোভাবেই এই ব্যাটিংকে এমন মানের বলা যায় না, যাতে বলা যায়—এটি একটি টেস্ট ম্যাচের ব্যাটিং লাইনআপ।’