অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের ক্রিকেটে এনে দিয়েছে নতুন আত্মবিশ্বাস। ডারউইনে স্বাগতিকদের হারিয়ে ইতিহাস গড়ার পর ম্যাকাইয়ে কিছুটা হোঁচট খেলেও তানজিদ-তাসকিনরা অস্ট্রেলিয়া সফর শেষ করেছেন মাথা উঁচু করেই।
এই পারফরম্যান্স শুধু দেশের ক্রিকেটপ্রেমীদের গর্বিত করেনি, দলের আত্মবিশ্বাসও বাড়িয়েছে। বিদেশের মাটিতে ভালো করার সামর্থ্য নিয়ে যে বিশ্বাস তৈরি হয়েছে, সেটিকেই এখন সামনে এগিয়ে নিতে চাইছে বাংলাদেশ।
ঐতিহাসিক এই সফর শেষ করে দেশে ফেরার পর আগামী বছরই আবার অস্ট্রেলিয়া সফরের আশা প্রকাশ করেছেন পেস বোলিং কোচ তালহা জুবায়ের। বিমানবন্দরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে দলের বর্তমান অবস্থান নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।
তালহা বলেন, ‘সম্মান কতটা নিয়ে ফিরতে পেরেছি, এটা আপনারা বলতে পারবেন ভালো। যেকোনো সফরের আগে আমরা এগুলো বলে যাই, তবে বিশ্বাস করি যে আমরা ভালো কিছু করতে পারব। দল অনেক ভালো শেইপে আছে। সবাই বিশ্বাস করছে যে আমরা বাইরের দেশে গিয়েও ভালো করতে পারি।’
অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদেরই মাটিতে জয় পাওয়াটা যে বাংলাদেশের জন্য বড় অর্জন, সেটিও স্পষ্ট করেছেন তালহা। বিশেষ করে এই সফরের পারফরম্যান্স ভবিষ্যতে আরও বড় সুযোগ তৈরি করতে পারে বলে মনে করছেন তিনি।
আগামী বছর আবার অস্ট্রেলিয়ার মাঠে খেলার সম্ভাবনা নিয়ে আশাবাদী এই কোচ। অজিদের বিপক্ষে এবার আরও বড় ভেন্যুতে খেলার সুযোগ মিলতে পারে বলেও মনে করেন তিনি।
তালহা জুবায়ের বলেন, ‘আমার মনে হয় অস্ট্রেলিয়া পরের বছরই আমাদের ডাকবে। ডারউইন, ম্যাকাইতে ডাকবে না, আমরা ভালো ভালো ভেন্যুতে খেলতে পারব আশা করি।’
অস্ট্রেলিয়ার মাটিতে পাওয়া এই জয় তাই শুধু একটি সিরিজের সাফল্য হয়ে থাকছে না। বাংলাদেশের ক্রিকেটে বিদেশের মাটিতে নিজেদের প্রমাণ করার আত্মবিশ্বাসটাও যেন আরও শক্ত হয়েছে। এখন দেখার বিষয়, সেই সাফল্যের ধারাবাহিকতায় আগামী বছর সত্যিই অস্ট্রেলিয়ার বড় ভেন্যুতে আবারও দেখা যায় কি না বাংলাদেশকে।