করিন্থিয়ান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ডার্বির আগে সান্তোসের অনুশীলনে দেখা যায়নি নেইমার জুনিয়রকে। ফ্লুর মতো উপসর্গ দেখা দেওয়ায় সতর্কতা হিসেবে ব্রাজিলিয়ান এই তারকাকে বিশ্রাম দিয়েছে ক্লাবটি।
রবিবার নিও কুইমিকা এরেনায় করিন্থিয়ান্সের মুখোমুখি হবে সান্তোস। ম্যাচের আগে নেইমারের শারীরিক অবস্থা নিয়ে কিছুটা উদ্বেগ তৈরি হলেও এখনই তাকে নিয়ে বড় কোনো শঙ্কা দেখছে না ক্লাব কর্তৃপক্ষ। সান্তোস এক বিবৃতিতে জানিয়েছে, নেইমারের ফ্লুর মতো উপসর্গ দেখা দেওয়ায় স্বাস্থ্য বিভাগের পরামর্শ অনুযায়ী শুক্রবারের অনুশীলন থেকে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।
বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার দলের অনুশীলনে ফিরতে পারেন নেইমার। এরপরই করিন্থিয়ান্সের বিপক্ষে ডার্বির স্কোয়াডে তাকে রাখা হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। চলতি মৌসুমে সান্তোসের আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন নেইমার। এখন পর্যন্ত ২৪ ম্যাচে ৯ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে ৮টি গোল করিয়েছেন তিনি।
নেইমারকে ছাড়া সাম্প্রতিক ম্যাচে অবশ্য কঠিন সময় পার করতে হয়েছে সান্তোসকে। কোপা দো ব্রাসিলের ম্যাচে পালমেইরাসের কাছে ৩-০ গোলে হেরেছে দলটি। কাম্পেওনাতো ব্রাসিলেইরোতে রেলিগেশন অঞ্চল থেকে নিরাপদ থাকতে করিন্থিয়ান্সের মাঠে গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রয়োজন সান্তোসের। ফলে ডার্বিতে নেইমারের উপস্থিতি দলের জন্য বড় স্বস্তি হয়ে উঠতে পারে।
করিন্থিয়ান্সের বিপক্ষে ম্যাচের পর আবারও পালমেইরাসের মুখোমুখি হবে সান্তোস। কোপা দো ব্রাসিলের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের সেই ম্যাচে প্রথম লেগের ঘাটতি পুষিয়ে পরের পর্বে ওঠার লড়াইয়ে নেইমারের ওপরও থাকবে বড় দায়িত্ব।