লিওনেল মেসিকে দেখার আশায় টাকা খরচ করে স্টেডিয়ামে গিয়েছিলেন হাজারো দর্শক। কিন্তু শেষ পর্যন্ত মেসিকে ঠিকমতো দেখতে না পেয়ে ফিরতে হয়েছিল হতাশ হয়ে। এবার সেই দর্শকদের জন্য সুখবর দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মেসির ‘গোট ইন্ডিয়া ট্যুর’ ঘিরে গত বছরের ১৩ ডিসেম্বর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে তৈরি হয়েছিল বিশৃঙ্খলা। কর্মকর্তা ও অতিথিদের ভিড়ে মেসিকে ঠিকমতো দেখতে পারেননি দর্শকেরা। ক্ষুব্ধ হয়ে একাংশ ভাঙচুরেও জড়িয়ে পড়েন। শেষ পর্যন্ত প্রায় ২০ মিনিট স্টেডিয়ামে থাকার পর মেসিকে বের করে নেওয়া হয়।
অনেক দর্শক ৪ হাজার ও ৬ হাজার রুপি দিয়ে টিকিট কিনেছিলেন। এবার জাতীয় ক্রীড়া দিবসের অনুষ্ঠানে ৩৩ হাজার দর্শকের টিকিটের টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছেন শুভেন্দু।
তিনি বলেন, ‘মেসির বিপুল ভক্ত রয়েছে। তারা ৪ হাজার ও ৬ হাজার রুপি দিয়ে টিকিট কিনেছিলেন। আমার ইচ্ছা, এই ৩৩ হাজার ক্রীড়াপ্রেমীর দেওয়া টাকা যেন ফেরত দেওয়া হয়। এ নিয়ে আমি ইতিমধ্যে অভ্যন্তরীণভাবে প্রক্রিয়া শুরু করেছি। আশা করছি, আমি এটা করতে পারব।’
ঘটনার পর তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে পদত্যাগ করতে হয়। বরখাস্ত করা হয় বিধাননগর নগর পুলিশের ডেপুটি কমিশনার অনীশ কুমারকেও। অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্তের বিরুদ্ধেও অব্যবস্থাপনার অভিযোগ ওঠে। তাঁকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। ৩৮ দিন কারাগারে থাকার পর জামিনে মুক্তি পান তিনি।
পরে শতদ্রু অভিযোগ করেন, সেদিনের বিশৃঙ্খলার জন্য আয়োজকেরা নন, তৎকালীন ক্রীড়ামন্ত্রী ও পদস্থ প্রশাসনিক কর্মকর্তারাই দায়ী ছিলেন।