খেলোয়াড়দের নিয়ে করা মন্তব্য ঘিরে যে বিতর্কের জন্ম দিয়েছিলেন বিসিবির পরিচালক এম নাজমুল ইসলাম, তার রেশ এখনও কাটেনি। কারণ দর্শানোর নোটিশের নির্ধারিত সময় পেরিয়ে গেলেও শেষ পর্যন্ত বিসিবির কাছেই হাজির হয়ে নিজের ব্যাখ্যা জমা দিয়েছেন তিনি।
বিসিবির পাঠান নোটিশের জবাব দেওয়ার শেষ সময় ছিল ১৭ জানুয়ারি। নির্ধারিত সেই সময়ের মধ্যে কোনো লিখিত উত্তর না আসায় বিষয়টি আরও জটিল হয়ে উঠেছিল। তবে সময়সীমা অতিক্রম করার পর গতকাল রোববার বিসিবিতে এসে নিজ হাতে জবাব জমা দেন নাজমুল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক এবং বোর্ডের ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ফায়াজুর রহমান। তার ভাষ্য, নাজমুল ইসলামের দেওয়া ব্যাখ্যাটি প্রাথমিকভাবে ইতিবাচক বলেই মনে হয়েছে। তবে এটি চূড়ান্ত সিদ্ধান্ত নয়। পুরো জবাব খুঁটিয়ে পর্যালোচনা করেই পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে।
জানা গেছে, চিঠিতে শুধু নিজের অবস্থান ব্যাখ্যা করেই থামেননি নাজমুল ইসলাম। বিতর্কিত মন্তব্যের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। বিষয়টিকে তিনি নিজের ‘জনপ্রিয়তা’র প্রমাণ হিসেবে তুলে ধরেছেন, এমনটাও নাকি জানিয়েছেন চিঠিতে।
এর আগে ক্রিকেটারদের নিয়ে করা মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। সংগঠনটি নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করে, যা বিতর্ককে আরও ঘনীভূত করে তোলে।
এখন সবকিছু নির্ভর করছে বিসিবির ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্তের ওপর। নোটিশের জবাব গ্রহণ করা হলেও, বিতর্কের নিষ্পত্তি যে এখানেই থামছে না, সেটি স্পষ্ট।