আজ বৃহস্পতিবার বিশ্বকাপের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠকে কী আলাপ হবে এমন প্রশ্নে বিশ্বকাপ দলে থাকা অলরাউন্ডার মেহেদী হাসান বলেন, ‘এ রকম কথা এখনো হয় নাই। শুধু প্রতিটা খেলোয়াড় যারা বিশ্বকাপ দলে আছে, তাদেরকে সবাইকে ব্যক্তিগতভাবে টেক্সট করা হয়েছে মিটিংয়ের জন্য। ওখানেই গেলে বোঝা যাবে রহস্যটা কী।’
মিরপুরে এ দিন মেহেদী হাসান সংবাদ সম্মেলনে এসেছিলেন চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক হিসেবে। শুক্রবার (২৩ জানুয়ারি) বিপিএলের ফাইনালে চট্টগ্রাম মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্সের ।
মেহেদী হাসান মনে করেন ক্রিকেটাররা বিশ্বকাপ খেলতে চাইবে। তবে বিসিবির ও সরকারের সিদ্ধান্ত মেনে নেওয়ায় উচিত। তিনি বলেন, ‘দেখেন খেলোয়াড় হিসেবে কে চাইবে না বিশ্বকাপ খেলতে? সবাই চাইবে বিশ্বকাপ খেলতে। কিন্তু এটা পুরোপুরি বোর্ডের সিদ্ধান্ত। সরকারেরও একটা সিদ্ধান্ত আছে। আসলে তারা আমাদের অভিভাবক। তারা আমাদেরকে যেটা বলবে আমার কাছে মনে হয় খেলোয়াড় হিসেবে আমাদের সেটাই করা উচিত।’