বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফের চ্যাম্পিয়ন হলো রাজশাহী। এর আগে ২০২০ সালের ১৭ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলের অধিনায়কত্বে বিপিএলে প্রথম শিরোপার স্বাদ পায় রাজশাহী রয়্যালস। এবার বিপিএলের ১২তম আসরে নাম পরিবর্তন করে রাজশাহী ওয়ারির্য়স নামে খেলা দলটি ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে ৬৫ রানে হারিয়ে দ্বিতীয় শিরোপা জয়ের উল্লাসে মেতে ওঠে।
শুক্রবার (২৩ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ১২তম আসরের ফাইনালে প্রথমে ব্যাট করে তানজিদ হাসান তামিমের রেকর্ড গড়া সেঞ্চুরিতে ভর করে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান তোলে রাজশাহী। টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের শুরু থেকেই উইকেটে হারাতে থাকা চট্টগ্রাম শেষ পর্যন্ত ১৭.২ ওভারে ১১১ রানে অলআউট হয়। দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন পাকিস্তানি ওপেনার মিরাজ বেগ।
এ ছাড়া চট্টগ্রামের আরেক পাকিস্তানি আসিফ আলি দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান করেন। ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে চট্টগ্রামের ৭জন ব্যাটসম্যান দুই অঙ্কের ফিগার রান করতে পারেননি। এ নিয়ে ৩ বার ফাইনালে উঠেও শিরোপার স্বাদ থেকে বঞ্চিত হলো চট্টগ্রাম।
শুক্রবার বিপিএল ফাইনালে টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে রাজশাহী। ইনিংস ওপেন করতে নেমে দলকে উড়ন্ত সূচনা উপহার দিয়েছেন দুই ওপেনার শাহিবজাদা ফারহান ও তানজিদ হাসান তামিম। ওপেনিং জুটিতে ১০.২ ওভারে ৮৩ রানের পার্টনারশিপ গড়েন তারা।
৩০ বলে দুই চার ও এক ছক্কায় ৩০ রান করে সাজঘরে ফেরেন পাকিস্তানি ওপেনার শাহিবজাদা ফারহান। অন্যদিকে শুরু থেকেই দলকে এগিয়ে নেন বাংলাদেশ দলের তারকা ওপেনার তানজিদ হাসান তামিম। ২৯ বলে ৬ ছক্কায় করেন ফিফটি। পরে আরও ৩১ বলে ৫০ করে বিপিএল ফাইনালে সেঞ্চুরির রেকর্ড গড়েন তানজিদ। বিপিএলে এটি তার তৃতীয় সেঞ্চুরি।
৬১ বলে সেঞ্চুরি করার পর নিজের ইনিংস লম্বা করতে পারেননি তানজিদ। ১৮.৫ ওভারে দলীয় ১৬৩ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন এই ওপেনার। পরে শেষ ৭ বলে ১১ রান সংগ্রহ করতে রাজশাহী হারায় অধিনায়ক নাজমুল হোসেন শান্তর উইকেট।
রাজশাহীর হয়ে ১০০ রান করেন তানজিদ। ৩০ রান করেন শাহিবজাদা ফারহান। ১৫ বলে ২৪ রান করেন কেন উইলিয়ামস। ইনিংসের শেষ দিকে ব্যাট করতে নেমে ৭ বলে ১১ রান করে ফেরেন নাজমুল হোসেন শান্ত।
চট্টগ্রামের হয়ে দুটি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও মুকিদুল ইসলাম।