অস্থিরতা, সমালোচনা আর অনিশ্চয়তার মেঘ কাটিয়ে আবারও লা লিগার শীর্ষে ফিরেছে রিয়াল মাদ্রিদ। সুপার কাপে বার্সেলোনার বিপক্ষে ধাক্কা, কোচ পরিবর্তন, সব কিছুর মাঝেও ভিয়ারিয়ালের মাঠে দৃঢ়তার সঙ্গে ২-০ ব্যবধানে জিতে নিজেদের শক্ত অবস্থানটা নতুন করে জানান দিল লস ব্লাংকোসরা।
এই জয়ের কেন্দ্রে এক নামই ঘুরে ফিরে আসে, কিলিয়ান এমবাপ্পে। প্রথমার্ধ গোল শূন্যের পর দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ৪৭ মিনিটে রিয়ালকে এগিয়ে নেন তিনি। এরপর ম্যাচের একেবারে শেষ সময়ে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করেন। এই দুই গোলে শুধু ম্যাচই নয়, ইতিহাসও ছুঁয়ে ফেলেছেন ফরাসি এই মহাতারকা। মাত্র ৫৪৯ ম্যাচ খেলেই ৪১৬ গোল করা রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল কিংবদন্তি রোনালদো নাজারিওকে (৬১৬ ম্যাচে ৪১৪ গোল) পেছনে ফেলে নতুন মাইলফলক গড়েছেন কিলিয়ান এমবাপ্পে। চলতি লা লিগায় ২০ ম্যাচে তার গোল এখন ২১টি।
এই জয়ে ২১ ম্যাচ শেষে দুই পয়েন্ট ব্যবধানে লিগ টেবিলের শীর্ষে উঠে গেছে আরবেলোয়ার শিষ্যরা। যদিও রবিবার তলানির দল রিয়াল ওভিয়েদোর বিপক্ষে ম্যাচে জিতলে বার্সেলোনা আবারও শীর্ষে ফেরার সুযোগ পাবে।
মৌসুমের মাঝপথে রিয়ালের পথটা মোটেও ভালো ছিল না। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হারের পর কোচ জাবি আলোনসোর বিদায়, নতুন কোচ আলভারো আরবেলোয়ার অধীনে কোপা দেল রেতে বিব্রতকর বিদায়। সব মিলিয়ে সমর্থকদের ক্ষোভও নেমে আসে মাঠে। তবে সেই চাপের মধ্যেই দলকে স্থির রাখছেন আরবেলোয়া। ভিয়ারিয়ালের বিপক্ষে জয়টি তার কোচিংয়ে টানা তৃতীয় জয়।
ম্যাচ শেষে আত্মবিশ্বাসী কণ্ঠে আরবেলোয়া বলেন, ‘এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়র, ওরা দুজনই বিশ্বসেরাদের কাতারে। প্রতিপক্ষের রক্ষণ ভাঙার সামর্থ্য ওদের আছে। ভিয়ারিয়ালের মাঠে জেতা সহজ নয়, পুরো দল একসঙ্গে লড়েছে বলেই এই জয় এসেছে।’
লা লিগায় ২১ ম্যাচ খেলে ৫১ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ আছে এক নম্বর অবস্থানে, অন্যদিকে এক ম্যাচ কম খেলে ৪৯ পয়েন্ট নিয়ে বার্সেলোনা আছে দুইয়ে।