সাফ নারী ফুটসালের প্রথম আসরেই বাংলাদেশ যেন ঝড় তুলেছে। রোববার ব্যাংককে শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে উড়িয়ে দিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল সাবিনা খাতুনের নেতৃত্বাধীন দল।
শিরোপা নির্ধারণী ম্যাচে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সাবিনা খাতুন নিজেই, একাই করেছেন ৪টি গোল। পুরো টুর্নামেন্টে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৩। প্রথমার্ধে ৬-১ গোলে এগিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয়ার্ধে আরও ৮ গোল করে মালদ্বীপকে রীতিমতো ছেলেখেলায় হারিয়ে দেয়। এটি এক ম্যাচে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলের রেকর্ডও।
৭ দেশের এই টুর্নামেন্টে বাংলাদেশ ৬ ম্যাচে ৫টি জয় ও ১টি ড্র নিয়ে ১৬ পয়েন্ট অর্জন করে সবার ওপরে থেকে আসর শেষ করে। পুরো টুর্নামেন্টে বাংলাদেশ করেছে৩৮ গোল, হজম মাত্র ৯টি। ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কাকে হারানোর পাশাপাশি ভুটানের সঙ্গে ড্র করে অপরাজিত থেকে শিরোপা ঘরে তুলল লাল-সবুজের মেয়েরা।
অন্যদিকে, একই আসরে বাংলাদেশের পুরুষ দল ব্যর্থতার বৃত্তে থাকলেও নারী দল ঠিকই দেশের মুখ উজ্জ্বল করল।