আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হয়েছে। ম্যাচের জন্য প্রস্তুতি ও অনুশীলন করতে গিয়ে নানা সমস্যা পোহাচ্ছে স্কটিশরা। পাকিস্তানি বংশোদ্ভুত হওয়ায় ক্রিকেটার সাফিয়ান শরীফের ভিসা জট এখনো সমাধান হয়নি, যা স্কটল্যান্ডের প্রস্তুতিতে জটিলতা তৈরি করছে।
এদিকে বিশ্বকাপ শুরুর মাত্র দুই সপ্তাহ আগে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে নতুন উদ্বেগ শুরু হয়েছে ভারতে। পশ্চিমবঙ্গ রাজ্যে অন্তত পাঁচজন আক্রান্ত হয়েছেন, যার মধ্যে স্বাস্থ্যকর্মীরাও রয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সংক্রমণের সংস্পর্শে আসা প্রায় ১১০ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
নিপাহ ভাইরাসের এই প্রাদুর্ভাব এশিয়ার বিভিন্ন দেশের জন্য স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। ইতোমধ্যেই কয়েকটি দেশ তাদের বিমানবন্দর ও স্থলবন্দরে যাত্রী স্ক্রিনিং জোরদার করেছে।
বাংলাদেশের বদলে বিশ্বকাপে কলকাতার ইডেন গার্ডেন্সে ৩টি ম্যাচ খেলবে স্কটিশরা। শুধু ক্রিকেট নয়, স্বাস্থ্য ও ভিসা চ্যালেঞ্জ মিলিয়ে শুরুর আগেই বিশ্বকাপের এই গ্রুপে উত্তেজনা ও অনিশ্চয়তা বাড়ছে।