আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি বোলিং র্যাঙ্কিংয়ে আবারও নিজের জাত চিনিয়েছেন মোস্তাফিজুর রহমান। দুর্দান্ত ধারাবাহিকতার পুরস্কার হিসেবে এক ধাপ এগিয়ে উঠে এসেছেন সপ্তম স্থানে। ‘কাটার মাস্টার’-এর বর্তমান রেটিং পয়েন্ট ৬৬৫।
এর আগের হালনাগাদে যেখানে মোস্তাফিজ ছিলেন অষ্টম স্থানে। সেখানে এবারের উন্নতি প্রমাণ করছে, সংক্ষিপ্ত ফরম্যাটে তিনি এখনও বিশ্বের সেরা বোলারদের একজন। গেল বছরে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নেওয়ার দক্ষতাই তাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে।
র্যাঙ্কিংয়ের সেরা দশে এসেছে আরও কিছু উল্লেখযোগ্য পরিবর্তন। সবচেয়ে চোখে পড়ার মতো উন্নতি করেছেন আফগানিস্তানের মুজিব উর রহমান। পাঁচ ধাপ লাফ দিয়ে এখন তিনি নয় নম্বরে, রেটিং পয়েন্ট ৬৫৬। পাকিস্তানের তরুণ স্পিনার আবরার আহমেদ এক ধাপ এগিয়ে উঠে এসেছেন পাঁচ নম্বরে (৬৯১)। অস্ট্রেলিয়ার নাথান এলিসও এক ধাপ উন্নতি করে এখন আট নম্বরে।

তবে শীর্ষ চারে কোনো পরিবর্তন হয়নি। ভারতের বরুণ চক্রবর্তী ৭৮৭ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বর স্থান ধরে রেখেছেন। তার ঠিক পেছনেই আফগান তারকা রশিদ খান (৭৩৭)। তিন নম্বরে আছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা (৭০২), আর চতুর্থ স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফি।