ইউরোপা লিগ
ইউরোপা লিগের লিগ পর্বের শেষ দিনটি রূপ নেয় একেবারে নাটকীয় এক ফুটবল রাতে। একসঙ্গে ১৮ ম্যাচ, টেবিলের অবস্থান বদলের দৌড় আর শেষ মুহূর্তের গোল; সব মিলিয়ে উত্তেজনায় ঠাসা ছিল বৃহস্পতিবার রাত। শেষ পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সরাসরি শেষ ষোলোয় ওঠে লিঁও, আর শেষ মুহূর্তের ড্রয়ে সেরা আটে জায়গা নিশ্চিত করে রোমা।
নতুন ফরম্যাট অনুযায়ী ইউরোপা লিগের লিগ পর্ব শেষে সেরা আট দল সরাসরি শেষ ষোলোয় খেলবে। তালিকার ৯ থেকে ২৪ নম্বরে থাকা ১৬ দল খেলবে প্লে-অফ, সেখান থেকে বাছাই হওয়া আরও ৮ দল যোগ দেবে শেষ ষোলোতে। এরপর শুরু হবে নকআউট পর্ব।
বৃহস্পতিবার লিগ পর্বের শেষ দিনে ৩৬ দল ১৮ ম্যাচে একসঙ্গে মাঠে নামে। আগেই শেষ ষোলো নিশ্চিত করেছিল লিঁও, তবে ম্যাচ চলাকালে একপর্যায়ে তাদের শীর্ষস্থান ঝুঁকির মুখে পড়ে। মিডজিল্যান্ড তখন ডায়নামো জাগরেবকে ২-০ গোলে হারিয়ে এগিয়ে যাচ্ছিল। একই সময়ে নিজেদের মাঠে পিএওকের বিপক্ষে ৩৩ মিনিটে জর্জিওস জিয়াকুমাকিসের গোলে পিছিয়ে পড়ে লিঁও।
এরপর রেমি হিমবার্ট ও খালিস মেরাহর গোলে ম্যাচে ফেরে স্বাগতিকরা। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই পিএওকের ইয়ানিস কনস্তান্তেলিয়াস দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। তবু দ্বিতীয়ার্ধে ফরাসি মিডফিল্ডার মেইতের গোলে সমতা ফেরায় অতিথিরা। কিন্তু শেষটা সুখকর হয়নি পিএওকের জন্য।
হিমবার্টকে ফাউল করায় পেনাল্টি দেন রেফারি। সেই সিদ্ধান্তে আপত্তি জানিয়ে বাজে ভাষা ব্যবহারের অভিযোগে লাল কার্ড দেখেন পিএওকে কোচ রাজভান লুকেস্কু। পেনাল্টিতে আদাম কারাবেকের শট পোস্টে লাগলেও ৮৮ মিনিটে তিনি নিজেই গোল করে লিঁওকে এগিয়ে দেন। যোগ করা সময়ে আলেহান্দ্রো রদ্রিগেজের গোলে ৪-২ ব্যবধানে জয় নিশ্চিত হয়।
এই জয়ে গোল ব্যবধানে অ্যাস্টন ভিলাকে পেছনে ফেলে শীর্ষে শেষ করে লিঁও। মিডজিল্যান্ড তৃতীয় এবং ফেইয়েনুর্দকে ২-১ গোলে হারানো রিয়াল বেটিস চতুর্থ স্থানে লিগ পর্ব শেষ করে।
অন্যদিকে অলিম্পিয়াকো স্টাডিয়ামে ছিল আরেক নাটক। ১০ জনের রোমা ১-১ গোলে ড্র করে সেরা আটে জায়গা করে নেয়, ফলে তাদের আর প্লে-অফ খেলতে হচ্ছে না। ম্যাচের ১৫ মিনিটেই শেষ খেলোয়াড় হিসেবে ফাউল করে লাল কার্ড দেখেন রোমার জিয়ানলুকা মানচিনি। ভিসেন্তে তাবোরদার গোলে পিছিয়ে পড়া রোমাকে ৮০ মিনিটে ইয়ান জিওলকোভস্কির হেডার সমতায় ফেরায়।
গোল ব্যবধানে জেঙ্ককে পেছনে ফেলে শেষ আটে ওঠে রোমা। মালমোকে ২-১ গোলে হারিয়েও গোল গড়ে পিছিয়ে থাকায় প্লে-অফে জায়গা করতে হয়েছে জেঙ্ককে।
এদিন বোলোনিয়া ও স্টুটগার্ট যথাক্রমে ম্যাকাবি তেল আবিব ও ইয়ং বয়েজকে হারিয়ে ১০ ও ১১ নম্বরে শেষ করে। নটিংহাম ফরেস্টের সঙ্গে তারাও প্লে-অফ তালিকায় থাকছে। নিসকে ১-০ গোলে হারিয়ে লুডোগোরেৎস প্লে-অফ অঞ্চলে উঠে এলেও গোল ব্যবধানে ২৫তম হয়ে বিদায় নেয় ইয়ং বয়েজ।
লিগ পর্ব শেষে ইউরোপা লিগের সেরা আট দল হলো- লিঁও, অ্যাস্টন ভিলা, এফসি মিডজিল্যান্ড, রিয়াল বেটিস, এফসি পোর্তো, ব্রাগা, ফ্রেইবুর্গ ও রোমা।