লা লিগার শিরোপা দৌড়ে আরও শক্ত বার্তা দিল বার্সেলোনা। এলচের মাঠে শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমণের তীব্রতা ধরে রেখে ৩-১ গোলের জয় তুলে নিয়েছে হান্সি ফ্লিকের দল। এই জয়ে লিগ টেবিলের শীর্ষে থেকে রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধান আরও বাড়াল বর্তমান চ্যাম্পিয়নরা।
শনিবার রাতে লা লিগার ম্যাচে প্রতিপক্ষের মাঠে দাপুটে পারফরম্যান্স দেখায় বার্সেলোনা। ম্যাচজুড়ে বলের নিয়ন্ত্রণ ও সুযোগ তৈরিতে স্পষ্টভাবে এগিয়ে ছিল কাতালানরা।
ম্যাচের ষষ্ঠ মিনিটেই লিড নেয় বার্সেলোনা। মাঝমাঠ থেকে দানি ওলমোর থ্রু বল ধরে বক্সে ঢুকে ঠাণ্ডা মাথায় গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে পাঠান তরুণ বিস্ময় লামিন ইয়ামাল। শুরুতেই পিছিয়ে পড়ার পর ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে এলচে। ২৯তম মিনিটে মাঝমাঠ থেকে আসা পাস পেয়ে বক্সে ঢুকে নিচু শটে সমতা ফেরান আলভারো রদ্রিগেস।
তবে সমতায় বেশি সময় থাকতে দেয়নি সফরকারীরা। ৪০ মিনিটে ফের এগিয়ে যায় বার্সেলোনা। বক্সে ফ্রাংকি ডি ইয়ংয়ের চমৎকার স্কিলের পর বল পেয়ে শক্তিশালী শটে গোল করেন ফেনরান তরেস। বিরতিতে যাওয়ার আগে আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বার্সেলোনা।
দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি আরও বাড়ান ফ্লিক। রাফিনিয়ার বদলে নামা মার্কাস রাশফোর্ড নতুন মাত্রা যোগ করেন। ৭২ মিনিটে ইয়ামালের পাস ডিফেন্ডার ঠেকালেও ফিরতি বল পেয়ে জোরালো শটে ব্যবধান বাড়ান ইংলিশ এই ফরোয়ার্ড।
ম্যাচে ৬১ শতাংশ বল দখলে রেখে বার্সেলোনা নেয় ৩০টি শট, যার ৮টি ছিল লক্ষ্যে। অন্যদিকে এলচে নেয় ৯টি শট, এর মধ্যে ৩টি ছিল অন টার্গেট। বাকি সময়ে দুই দলই সুযোগ পেলেও স্কোরলাইনে আর কোনো পরিবর্তন আসেনি।
এই জয়ে ২২ ম্যাচে ১৮ জয় ও ১ ড্রয়ে ৫৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। আর ২২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে তালিকার ১২ নম্বরে অবস্থান করছে এলচে।