মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থায় বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে স্টেডিয়াম ও আশপাশের এলাকায় সাংবাদিকদের প্রবেশে নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে, যার ফলে নির্দিষ্ট কার্যক্রম ছাড়া মাঠে প্রবেশ করতে পারবেন না মিডিয়া প্রতিনিধিরা।
শনিবার বিসিবি থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়। নতুন নিয়ম অনুযায়ী সাংবাদিকদের জন্য স্টেডিয়ামে প্রবেশের একমাত্র নির্ধারিত পথ হিসেবে নির্ধারণ করা হয়েছে ১ নম্বর গেট।
এই পরিবর্তনের ফলে দৈনন্দিন কাভারেজে কিছুটা ভোগান্তিতে পড়তে পারেন ক্রীড়া সাংবাদিকরা। ম্যাচের দিন, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন, বিসিবির আনুষ্ঠানিক আমন্ত্রণে আয়োজিত অনুষ্ঠান কিংবা বিসিবি কর্তৃক নির্ধারিত ও পূর্বঘোষিত অনুশীলন বা প্রশিক্ষণ সেশন ছাড়া স্টেডিয়ামে প্রবেশের অনুমতি মিলবে না।
বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং এর আশপাশের এলাকায় চলমান নিরাপত্তা জোরদার কার্যক্রমের অংশ হিসেবেই এই সংশোধিত প্রবেশ নীতিমালা কার্যকর করা হয়েছে। এই নিরাপত্তা ব্যবস্থা স্টেডিয়াম কমপ্লেক্সে প্রবেশকারী সকল ব্যক্তির জন্য প্রযোজ্য হবে, যার মধ্যে মিডিয়া প্রতিনিধিরাও অন্তর্ভুক্ত।