প্রিমিয়ার লিগে চোখে পড়ার মতো পারফরম্যান্সের পর বিতর্ক, অনিশ্চয়তা আর মানসিক চাপ; সবকিছুর অবসান ঘটিয়ে অবশেষে ওয়েস্ট হাম ছাড়লেন লুকাস পাকেতা। বিশ্বকাপের আগে ইংলিশ ক্লাবটির সঙ্গে সম্পর্ক চুকিয়ে নিজের শিকড়ের কাছে ফিরছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। আবারও ফ্লামেঙ্গোর জার্সিতে দেখা যাবে তাকে।
ওয়েস্ট হামের সঙ্গে পাকেতার চুক্তির এখনও ১৮ মাস বাকি থাকলেও দুই পক্ষের সমঝোতায় ৪ কোটি ইউরো ট্রান্সফার ফিতে তাকে বিক্রি করেছে লন্ডনের ক্লাবটি। সাম্প্রতিক কয়েক ম্যাচে দলটির হয়ে মাঠে নামেননি এই মিডফিল্ডার, যা তার বিদায়েরই ইঙ্গিত দিচ্ছিল।
পাকেতার বিদায় প্রসঙ্গে ক্লাবের প্রধান কোচ নুনো এসপিরিতো সান্তো বলেন, ‘লুকাস আমার জন্য একজন বিশেষ খেলোয়াড় এবং বিশেষ মানুষ। সে একজন প্রকৃত ১০ নম্বর পজিশনের ফুটবলার। অনেক কিছু ভিন্ন হতে পারত, কিন্তু পরিস্থিতি আমাদের মেনে নিতে হয়েছে। সে ব্রাজিলে ফিরতে চেয়েছিল, আর আমরা তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।’
২৮ বছর বয়সী পাকেতা ২০২২ সালে ফরাসি ক্লাব লিঁও ছেড়ে ওয়েস্ট হামে যোগ দেন। প্রিমিয়ার লিগে ক্লাবটির হয়ে ১৩৯ ম্যাচে ২৩ গোল ও ১৫টি অ্যাসিস্ট করেন তিনি। চলতি মৌসুমেও ১৮ ম্যাচে চারবার জালের দেখা পান এই ব্রাজিলিয়ান।
তবে গত গ্রীষ্মে স্পট-ফিক্সিংয়ের অভিযোগে বড় ধাক্কা খায় পাকেতার ক্যারিয়ার। দীর্ঘ দুই বছর তদন্ত শেষে ফুটবল অ্যাসোসিয়েশনের স্বতন্ত্র নিয়ন্ত্রক কমিশন চারটি অভিযোগই অপ্রমাণিত ঘোষণা করে। দোষী সাব্যস্ত হলে আজীবন নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়তে পারতেন তিনি।
সব বিতর্ক পেছনে ফেলে এবার নতুন অধ্যায় শুরু করতে স্বদেশে ফিরছেন পাকেতা। পরিচিত পরিবেশে ফ্লামেঙ্গোর জার্সিতে তাঁর এই প্রত্যাবর্তন ব্রাজিলিয়ান ফুটবলেও বাড়তি আলোচনার জন্ম দিচ্ছে।