নেপালে চলমান সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে দাপুটে সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার পোখরার মাঠে শক্ত প্রতিপক্ষ ভারতকে ২-০ গোলে হারিয়েছে পিটার বাটলারের শিষ্যরা। এর আগে উদ্বোধনী ম্যাচে ভুটানকে ১২-০ গোলে বিধ্বস্ত করেছিল লাল-সবুজের মেয়েরা। ফলে দুই ম্যাচে দুই জয়ে টুর্নামেন্টে শক্ত বার্তা দিল বাংলাদেশ।
ম্যাচের শুরুতে অবশ্য কিছুটা চড়াও ছিল ভারত। প্রথম ১৫ মিনিটে কয়েকটি সুযোগ তৈরি করে তারা। নবম মিনিটে বাংলাদেশের গোলরক্ষক ইয়ারজান বেগম দুর্দান্ত শট সেভ করে দলকে বিপদ থেকে রক্ষা করেন।
ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। ২৯ মিনিটে আসে কাঙ্ক্ষিত লিড। ডান দিক থেকে নেওয়া ফ্রি-কিক বাঁ পায়ে দূরের পোস্টে পাঠানো হলে ভারতের গোলরক্ষক মুন্নি বল তালুবন্দি করতে ব্যর্থ হন। অধিনায়ক অর্পিতা বিশ্বাস সহজ ফিনিশিংয়ে বল জালে পাঠান।
প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ব্যবধান বাড়ায় বাংলাদেশ। ৪০ মিনিটে ডান প্রান্ত দিয়ে দুর্দান্ত দৌড়ে আসেন মুনকি আখতার। টাচলাইনের কাছ থেকে দেওয়া তার নিখুঁত ক্রসে দুই ভারতীয় ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে পৌঁছে যায় আলপি আক্তারের কাছে। এক স্পর্শেই গোল, কিছুই করার ছিল না ভারতের গোলরক্ষকের।
গোলদাতা আলপি আক্তার চলতি নারী ফুটবল লিগ ২০২৫-২৬ মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ ২৫ গোল করেছেন। রাজশাহী স্টার্সের হয়ে খেলা এই ফরোয়ার্ড চলমান টুর্নামেন্টে মুনকি আখতারের সঙ্গে যৌথভাবে চার গোল করে শীর্ষে রয়েছেন।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে বুধবার স্বাগতিক নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।