সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে দারুণ ছন্দে ফাইনালে উঠেছে বাংলাদেশ। বৃহস্পতিবার পোখারার রঙ্গশালা স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক নেপালকে ৪-০ গোলে হারিয়েছে লাল-সবুজের কিশোরীরা। টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই ফাইনাল নিশ্চিত করে দলটি।
একই দিনে ভুটানকে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে ফাইনালে ওঠে ভারত। ফলে আগামী শনিবার একই মাঠে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। তৃতীয় মিনিটেই মামনি চাকমার কর্নার থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন প্রতিমা মুন্ডা। বিরতির আগে যোগ করা সময়ে সরাসরি ফ্রি-কিক থেকে ব্যবধান বাড়ান আলপি আক্তার।
দ্বিতীয়ার্ধে আরও চড়া হয় বাংলাদেশের আক্রমণ। ৬৭ মিনিটে একক প্রচেষ্টায় নিজের দ্বিতীয় গোলটি করেন আলপি। এরপর ৮২ মিনিটে ক্রানুসিং মারমার ক্রসে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। তিন ম্যাচে আলপির গোলসংখ্যা এখন সাত।
এর আগে সাফ অনূর্ধ্ব-১৯ আসরে দুবার ফাইনাল খেলেছে বাংলাদেশ, দুইবারই প্রতিপক্ষ ছিল ভারত। ২০২১ সালে ভারতকে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ, আর ২০২৪ আসরে দুই দল যৌথ চ্যাম্পিয়ন হয়। এবারও সেই পরিচিত প্রতিদ্বন্দ্বিতার মঞ্চে আরেকটি ফাইনালের অপেক্ষায় লাল-সবুজের কিশোরীরা।