সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরে ব্যবস্থাপনায় দৃশ্যমান পরিবর্তনের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত নিজের অবস্থান থেকে সরে দাঁড়াচ্ছেন না ক্রিস্টিয়ানো রোনালদো। টানা দ্বিতীয় লিগ ম্যাচ বয়কটের সিদ্ধান্তও বহাল রেখেছেন পর্তুগিজ মহাতারকা। ইএসপিএনের সূত্রের বরাতে এমনটাই জানা গেছে।
সূত্র জানায়, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ক্লাব ব্যবস্থাপনায় পরিবর্তনের স্পষ্ট নিশ্চয়তা না মিললে আগামী জুনে আল নাসর ছাড়ার আবেদন জানাতে পারেন রোনালদো। গত সোমবার আল রিয়াদের বিপক্ষে ১-০ ব্যবধানে জেতা ম্যাচেও খেলতে অস্বীকৃতি জানান তিনি। রোনালদোর অভিযোগ, সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) আল নাসরে পর্যাপ্ত বিনিয়োগ না করে প্রতিদ্বন্দ্বী আল হিলালকে বাড়তি সুবিধা দিচ্ছে।
এমনকি আল ইত্তিহাদ থেকে করিম বেনজেমাকে আল হিলালে নেওয়ার প্রক্রিয়া ঠেকানোর চেষ্টা করেছেন রোনালদো। তার মতে, এই পদক্ষেপ শিরোপা দৌড়ে আল হিলালকে এগিয়ে দিতেই নেওয়া হয়েছে।
তবে মাঠের বাইরে পুরো সপ্তাহজুড়েই দলের সঙ্গে অনুশীলন চালিয়ে গেছেন রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যমে অনুশীলনের ছবি প্রকাশ করলেও ক্লাবের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে তার উপস্থিতি ছিল না।
পর্দার আড়ালে রোনালদো ক্লাবকে স্পষ্ট বার্তা দিয়েছেন, ব্যবস্থাপনার ক্ষমতা দ্রুত পুনর্বহাল করতে হবে এবং সাম্প্রতিক ট্রান্সফার উইন্ডোর মতো হস্তক্ষেপ ভবিষ্যতে আর হবে না, এমন নিশ্চয়তা পেলেই কেবল তিনি ম্যাচে ফিরবেন। শুক্রবার আল ইত্তিহাদের বিপক্ষে গুরুত্বপূর্ণ লিগ ম্যাচ রয়েছে আল নাসরের।
সম্প্রতি আল নাসরের স্পোর্টিং ডিরেক্টর সিমাও কৌতিনহো ও সিইও জোসে সেমেদোকে সাময়িক বরখাস্ত করে পিআইএফ। একই সঙ্গে ক্লাবের ব্যয় সংকোচনের সিদ্ধান্তও নেওয়া হয়। এসব ঘটনায় ক্ষুব্ধ হন রোনালদো, কারণ এতে শক্তিশালী দল গঠনের পথে বাধা সৃষ্টি হয়েছে বলে মনে করেন তিনি। অন্যদিকে আল হিলাল বড় অঙ্কের আর্থিক সহায়তা পেয়েছে ধনকুবের প্রিন্স আলওয়ালিদ বিন তালালের কাছ থেকে। বেনজেমাসহ সাম্প্রতিক সব বড় সাইনিংয়ের অর্থায়ন তার পক্ষ থেকেই হয়েছে বলে জানিয়েছে সূত্র।
২০২২ সালে আল নাসরে যোগ দেওয়ার পর এখনো বড় কোনো শিরোপা জিততে পারেননি রোনালদো। ইউরোপ ও যুক্তরাষ্ট্র থেকে আগ্রহ থাকলেও বিশ্বকাপ প্রস্তুতিতে বিঘ্নের আশঙ্কায় এখনই ক্লাব ছাড়তে চান না তিনি। গত গ্রীষ্মে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন রোনালদো, যেখানে রয়েছে ৫ কোটি ইউরোর রিলিজ ক্লজ।
তবে সৌদি প্রো লিগ তাদের সবচেয়ে বড় তারকাকে হারাতে চায় না। গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে বড় বিনিয়োগের আশ্বাস দিয়েছে আল নাসর ও পিআইএফ। সম্ভাব্য শক্তিবৃদ্ধি হিসেবে আলোচনায় রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেসের নামও।
এদিকে আল হিলালের সিইও এসতেভে কালজাদা জানিয়েছেন, রোনালদো ও আল নাসরের অসন্তোষের বিষয়টি তিনি বুঝতে পারছেন না। তার দাবি, বেনজেমার মতো তারকার আগমন মাঠের পারফরম্যান্সের পাশাপাশি বাণিজ্যিক ও গণমাধ্যম ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলছে। বর্তমানে সৌদি প্রো লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আল হিলাল আল নাসরের চেয়ে এক পয়েন্টে এগিয়ে রয়েছে।