টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে শনিবার। ভারত ও শ্রীলংকা যৌথভাবে এবারের আসর আয়োজন করছে। টুর্নামেন্ট শুরুর ঠিক আগে দুঃসংবাদ পেল স্বাগতিক ভারত। চোটে পড়েছেন দলের তারকা পেসার হারশিত রানা, যা ভারতীয় শিবিরে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
মুম্বাইয়ের ডি ওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমি মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে খেলতে নেমেছিলেন হারশিত। তবে মাত্র এক ওভার বল করেই মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। নিজের একমাত্র ওভারে ১৬ রান খরচ করার পরই অস্বস্তি অনুভব করেন এই ডানহাতি পেসার। এরপর ম্যাচের বাকি সময় আর মাঠে ফেরেননি।
বল করার সময় হারশিতকে স্পষ্টতই সমস্যায় পড়তে দেখা যায়। রান-আপ নেওয়ার সময় দুইবার মাঝপথে থেমে যান তিনি। এরপর হাঁটু চেপে ধরে খুঁড়িয়ে-খুঁড়িয়ে মাঠ ছাড়েন। সতীর্থ ক্রিকেটার ও কোচিং স্টাফদের মুখেও তখন উদ্বেগের ছাপ ছিল স্পষ্ট।
তবে রানার চোটের অবস্থা নিয়ে এখন পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। ফলে তার চোট কতটা গুরুতর এবং বিশ্বকাপে তার খেলা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।
এরই মধ্যে অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের চোট নিয়ে আগে থেকেই দুশ্চিন্তায় ছিল ভারতীয় শিবির। এবার হারসিতের ইনজুরি সেই উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। তবে কিছুটা স্বস্তির খবর হলো, চোট কাটিয়ে প্রস্তুতি ম্যাচে মাঠে ফিরেছেন তিলক বর্মা; যা ভারতের জন্য ইতিবাচক ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে।