ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় থাকায় বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে পাকিস্তান। একই সঙ্গে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। এমন অবস্থানের পর স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, নকআউট পর্বে যদি ভারতের মুখোমুখি হতে হয়, তখন কী করবে পাকিস্তান? এই বিষয়ে বুধবার স্পষ্ট বক্তব্য দিয়েছেন দলীয় অধিনায়ক সালমান আলী আগা।
ফরাসি বার্তা সংস্থাকে দেওয়া এক প্রতিবেদনে সালমান আগার বরাতে জানানো হয়, নকআউট পর্বে ভারতের বিপক্ষে পড়লে পাকিস্তান সরকার যে পরামর্শ দেবে, সেটির ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে। কলম্বোতে সংবাদমাধ্যমকে আগা বলেন, ‘ভারতের বিপক্ষে গ্রুপ ম্যাচ না খেলার সিদ্ধান্তটা আমাদের হাতে ছিল না। এটা সরকারের সিদ্ধান্ত। যদি সেমিফাইনাল বা ফাইনালে ভারতের মুখোমুখি হতে হয়, তাহলে আবার সরকারের কাছে যাব এবং তাদের পরামর্শ অনুযায়ীই সিদ্ধান্ত নেব।’
বাংলাদেশের অবস্থানকে শুরু থেকেই সমর্থন জানিয়েছিল পাকিস্তান। এমনকি বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের দাবিও তুলেছিল তারা। শেষ পর্যন্ত পাকিস্তান দলকে বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমতি দিলেও ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে গ্রুপ ম্যাচে না খেলার নির্দেশ দেয় দেশটির সরকার।
বাংলাদেশের অনুপস্থিতি নিয়েও আক্ষেপ প্রকাশ করেছেন পাকিস্তান অধিনায়ক। সালমান আগা বলেন, ‘বাংলাদেশ বিশ্বকাপে না থাকায় খারাপ লাগছে। তাদের দল খুব ভালো ছিল। আশা করি, তারা আমাদের সমর্থন করবে।’
ভারত ও পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনের কারণে এক দশকেরও বেশি সময় ধরে দুই দেশের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ হয়নি। বর্তমানে তারা কেবল আইসিসি বা অন্যান্য বহুজাতিক টুর্নামেন্টেই মুখোমুখি হয়।
চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে পাকিস্তানের প্রতিপক্ষ নামিবিয়া, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র। আগের বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কাছে হারের কথা স্মরণ করে সালমান আগা বলেন, ‘গত বিশ্বকাপে আমরা যুক্তরাষ্ট্রের কাছে হেরেছিলাম। এবার সেই হতাশা পেছনে ফেলে ভুলগুলো শুধরে নিতে চাই।’
ভারতের বিপক্ষে ম্যাচ না খেলায় পাকিস্তান স্বাভাবিকভাবেই দুটি পয়েন্ট হারাবে এবং নেট রান রেটেও বড় ধাক্কা খাবে। এর ওপর বৃষ্টির কারণে কোনো ম্যাচ ভেস্তে গেলে কোয়ালিফিকেশন আরও কঠিন হয়ে উঠতে পারে। এ বিষয়ে অধিনায়ক বলেন, ‘ভুলের সুযোগ খুব কম, সেটা আমরা জানি। আবহাওয়া আমাদের হাতে নেই, তবে আমরা ভালো ক্রিকেট খেলতে চাই।’