সব জল্পনা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে পাকিস্তান। পাকিস্তানের এমন সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ‘এ’-এর বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচটি আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে অনুষ্ঠিত হবে।
পাকিস্তান সরকারের সিদ্ধান্তের পর আজ মঙ্গলবার সকালে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় বিসিসিআই। পরিস্থিতির ইতিবাচক সমাধানে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মধ্যস্থতাকে প্রকাশ্যে সাধুবাদ জানান বোর্ডের সহসভাপতি রাজীব শুক্লা।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাজিব শুক্লা বলেন, ‘আমি সত্যিই আনন্দিত যে আইসিসি উদ্যোগ নিয়ে লাহোরে বিসিবি ও পিসিবি কর্তাদের সঙ্গে আলোচনা করে একটি বন্ধুত্বপূর্ণ ও গ্রহণযোগ্য সমাধান বের করেছে। এখানে ক্রিকেটকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।’
এর আগে রোববার মধ্যরাতের কিছু আগে পাকিস্তান সরকারের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে জানানো হয়, বন্ধুদেশগুলোর অনুরোধ এবং ক্রিকেটের মর্যাদা রক্ষার স্বার্থে তারা ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে সম্মত হয়েছে। এর মধ্য দিয়ে সপ্তাহজুড়ে চলা টানটান উত্তেজনার অবসান ঘটে।
পুরো প্রক্রিয়ায় আইসিসির ভূমিকার প্রশংসা করে রাজিব শুক্লা আরও বলেন, ‘পুরো কৃতিত্ব আইসিসির। তারা সবাইকে আলোচনার টেবিলে এনে সমস্যার সমাধান করেছে। ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ম্যাচ অনুষ্ঠিত হওয়াটাই আমাদের সবার জন্য সবচেয়ে বড় সুসংবাদ।’
পরবর্তীতে বিসিসিআই সহসভাপতি নিজের ফেসবুক ও এক্স অ্যাকাউন্টে এ বিষয়ে দেওয়া বক্তব্যের ভিডিও শেয়ার করেন।