ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের ডাগআউটে স্থিতিশীলতার বার্তা দিল ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন। জার্মান কোচ থমাস টুখেলের সঙ্গে চুক্তি নবায়ন করা হয়েছে, ফলে ২০২৮ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ পর্যন্ত দায়িত্বে থাকবেন তিনি। বৃহস্পতিবার আনুষ্ঠানিক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে দ্যা ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।
আসন্ন ফুটবল বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকার চুক্তিতে ছিলেন ৫২ বছর বয়সী টুখেল। নতুন সিদ্ধান্তে তার মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়েছে। সুতরাং দীর্ঘমেয়াদি পরিকল্পনায় তার ওপরই আস্থা রাখছে ইংল্যান্ড।
চুক্তি বাড়ানোর পর নিজের প্রতিক্রিয়ায় টুখেল বলেন, ইংল্যান্ডের সঙ্গে পথচলা দীর্ঘায়িত করতে পেরে তিনি ভীষণ খুশি ও গর্বিত। খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে কাজ করার প্রতিটি মুহূর্ত তিনি উপভোগ করছেন বলেও উল্লেখ করেন এই জার্মান কোচ। একই সঙ্গে সামনে বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়ার অপেক্ষায় থাকার কথাও জানান তিনি।
ইউরোপের শীর্ষ ক্লাব ফুটবলে সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে টুখেলের। তিনি এর আগে পিএসজি, ডর্টমুন্ড, বায়ার্ন মিউনিখ এবং চেলসির দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের অক্টোবরে ইংল্যান্ডের কোচ হিসেবে দায়িত্ব নেন তিনি।