ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আমেজ ছড়িয়ে পড়েছিল দেশের ক্রীড়াঙ্গনেও। মাঠের লড়াই ছেড়ে রাজনীতির ময়দানে নেমেছিলেন অনেক পরিচিত ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক। বিএনপি ও অন্যান্য দলের ব্যানারে সংসদ সদস্য প্রার্থী হয়ে অংশ নেন তারা। ভোটের ফলাফলে দেখা গেছে, তাদের অনেকেই শেষ পর্যন্ত জায়গা করে নিয়েছেন জাতীয় সংসদে।
বিএনপির মনোনয়ন পাওয়া ক্রীড়াবিদদের মধ্যে আলোচনায় ছিলেন সাবেক ফুটবলার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এবং সাবেক জাতীয় দলের গোলকিপার আমিনুল হক। সাবেক অধিনায়ক আমিনুল ঢাকা-১৬ আসন থেকে জয় না পেলেও, ভোলা-৩ আসনে দারুণ সাফল্য পেয়েছেন হাফিজ উদ্দিন। তিনি ১ লাখ ৫১ হাজার ৭৭৪ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরেরও রয়েছে ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ততা। মোহামেডান স্পোর্টিং ক্লাবের গভর্নিং বডির সাবেক সদস্য সচিব এবার ঠাকুরগাঁও-১ আসন থেকে জয়লাভ করেছেন। একইভাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যিনি একসময় ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, ঢাকা-৮ আসন থেকে নির্বাচিত হয়েছেন। কুমিল্লা-৬ আসন থেকে জয়ী হয়েছেন মোহামেডান গভর্নিং বডির সাবেক সদস্য সচিব মনিরুল হক চৌধুরী।
ক্রীড়া প্রশাসনের আরেক পরিচিত মুখ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ঢাকা আবাহনীর সাবেক পরিচালক আলী আসগর লবি জয় পেয়েছেন খুলনা-৫ আসনে। তিনি পরাজিত করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ারকে।
বিএনপির আলোচিত প্রার্থী এহছানুল হক মিলন, যিনি একসময় ভলিবল খেলোয়াড় ছিলেন, চাঁদপুর-১ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে সংসদে জায়গা করে নিয়েছেন। এছাড়া কিশোরগঞ্জ-৬ আসন থেকে মোহামেডানের সাবেক সহ-সভাপতি শরিফুল আলম, নরসিংদী-১ আসন থেকে ভিক্টোরিয়া ক্লাবের সভাপতি খায়রুল কবির খোকন এবং মুন্সীগঞ্জ-৩ আসন থেকে ব্যাডমিন্টন ফেডারেশনের সদস্য কামরুজ্জামান রতনও বিজয়ী হয়েছেন।
সব মিলিয়ে এবারের জাতীয় নির্বাচনে ক্রীড়াঙ্গনের একাধিক পরিচিত মুখের সংসদে প্রবেশ নতুন এক মাত্রা যোগ করেছে দেশের রাজনীতিতে।