চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে আজ (সোমবার) সাড়ে সাতটায় শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে অস্ট্রেলিয়া। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দলে পরিবর্তন এনেছে অজিরা। চোটে বাদ পড়া পেস জশ হেজেলউডের পরিবর্তে স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন সিনিয়র ব্যাটার ও সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ।
আইসিসির এক বিবৃতিতে জানানো হয়েছে, হ্যাজেলউড পায়ের পেশির চোটের কারণে এবারের বিশ্বকাপ থেকে বাদ পড়েছেন। এর আগে দলের মেডিকেল স্টাফরা আশা করেছিলেন, তিনি পরবর্তী ম্যাচগুলোর আগে ফিট হয়ে উঠবেন। কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। ফলে তার জায়গায় স্মিথকে দলে নেওয়া হয়েছে।
এর আগে স্মিথকে দলের অধিনায়ক মিচেল মার্শের বিকল্প হিসেবে শ্রীলঙ্কায় পাঠানো হয়েছিল। অস্ট্রেলিয়ার প্রথম দুই ম্যাচে টেস্টিকুলার চোটের কারণে খেলতে পারেননি মার্শ। রোববার দলের সঙ্গে অনুশীলনও করেছেন স্মিথ। গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কার বিপক্ষে তার খেলার সম্ভাবনাও রয়েছে।
উল্লেখ্য, ফেব্রুয়ারি ২০২২-এর পর থেকে কোনো টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেননি স্মিথ। তবে ঘরোয়া ক্রিকেটে তার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। সেই পারফরম্যান্সের ধারাবাহিকতায় টিম ম্যানেজমেন্ট তার ওপর আস্থা রেখেছে।
এদিকে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ অভিযান এখন বড় চাপে। জিম্বাবুয়ের বিপক্ষে ২৩ রানের হার তাদের কঠিন অবস্থায় ফেলেছে। আজ শ্রীলঙ্কার বিপক্ষে জয় ছাড়া আর কোনো বিকল্প নেই। হেরে গেলে এবারের বিশ্বকাপ মিশন প্রথম রাউন্ডেই শেষ হয়ে যাবে অজিদের।