চলতি মৌসুম শেষে বার্সেলোনা ছাড়বেন পোল্যান্ড তারকা ফরোয়ার্ড রবার্ট লেভানডস্কি। কিছুদিন ধরেই এমন গুঞ্জনে সরব সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক ক্রীড়া নেটওয়ার্ক ইএসপিএনের বিশ্লেষক জানুশ মিখালিক জানিয়েছেন, বার্সা স্ট্রাইকারকে দলে ভেড়াতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে মেজর সকার লিগের ক্লাব শিকাগো ফায়ার।
লেভানডস্কি যুক্তরাষ্ট্রে গেলে কেবল দলবদলই হবে না, তৈরি হবে নতুন আকর্ষণও। ইন্টার মায়ামির মেসির বিপক্ষে বছরে অন্তত দুইবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকবে। সৌদি আরব, ইতালি ও তুরস্কের ক্লাবগুলোর আগ্রহের থাকলেও স্প্যানিশ গণমাধ্যম মার্কা বলছে, লেভানডস্কির যুক্তরাষ্ট্রে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
বার্সেলোনার সঙ্গে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত চুক্তির মেয়াদ রয়েছে লেভানডস্কির। মিখালিক জানিয়েছেন, লেভানডস্কি ও বার্সেলোনার অবস্থানের দিকে নজর রাখছে শিকাগো।